বিসিবি সভাপতির ব্যানারে ছাওয়া অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ হ ম মুস্তফা কামাল বিসিবির সভাপতি হওয়ার কিছুদিন পরের ঘটনা। তাঁর নির্বাচনী এলাকার অত্যুৎসাহী এক তরুণ মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে একটা ব্যানার টাঙিয়ে দিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটের বাইরে। বিসিবির এক পরিচালক সেটা দেখে ডেকে আনলেন ওই তরুণকে। কঠিন ধমক দিয়ে ব্যানার নামিয়ে ফেলতে বললেন। তরুণ মন খারাপ করে ব্যানার নামিয়ে চলে গেলেন।ওই তরুণের কথা মনে করে কাল বিসিবির ওই পরিচালকেরই মন খারাপ, ‘ওর প্রতি বুঝি অন্যায়ই করেছি...।’তাঁর মন খারাপ হওয়ার কারণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কালকের চেহারা। স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারে ব্যানার, স্টেডিয়াম ভবনের গায়ে ব্যানার, সীমানাপ্রাচীরে ব্যানার—কোথায় নেই ব্যানার! বেশির ভাগ ব্যানারই বাংলাদেশ আওয়ামী যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমানের (মোহন) ‘পক্ষে’ লাগানো। নতুন বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অভিনন্দন জানিয়ে ‘প্রচারেই প্রসার’-এ বিশ্বাসী যিনি বা যাঁরা এসব লাগিয়েছেন, তাঁদের হয়তো নতুন সভাপতির পাশে নিজেদের ছবি ছাপিয়ে ভালোই লাগছিল। কিন্তু বাস্তবে ‘হোম অব ক্রিকেট’কে ঢেকে দিয়ে আত্মপ্রচারের চেষ্টাটাকে মনে হচ্ছিল চূড়ান্ত অরুচিকর।বিসিবিতে কাল এক দিনেই অনেক কিছু হলো। নতুন সভাপতি নাজমুল হাসান দায়িত্ব নিলেন, তাঁকে দায়িত্ব বুঝিয়ে বিদায় নিলেন পুরোনো সভাপতি মুস্তফা কামাল। ‘দুই’ সভাপতির উপস্থিতিতে পরিচালনা পর্ষদের লম্বা একটা সভা হলো, যেখানে নেওয়া হলো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর সভার আগে-পরে মুশফিকুরের মতো অনেকেই নতুন বোর্ড সভাপতির কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে গেলেন।কারও হাতে ছিল ফুল, কারও মুখে স্লোগান। ভৈরব ছাত্রলীগ থেকে শুরু করে মিরপুরের স্থানীয় রাজনৈতিক নেতা, কিংবা আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মী—সব মিলেমিশে একাকার। সভাপতি বোর্ডে আসার আগের ও পরের ঘণ্টা খানেক সময় প্রায় পল্টন ময়দানে রূপ নিল শেরেবাংলা স্টেডিয়াম চত্বর। বিসিবির সভাপতির পদ এখনো রাজনৈতিক, কিন্তু সেটা কত বেশি রাজনৈতিক, পরশু রাতে বিমানবন্দরের দৃশ্যাবলির পর কালকের বিসিবি তা আরও ভালো করে বুঝিয়ে দিল।এক ক্রিকেট বোর্ডের সভাপতি নিয়ে সবার এত আগ্রহে নাজমুল হাসানও বিস্ময় গোপন করতে পারেননি। বিসিবিতে কাল নিজের প্রথম সভা শেষে সংবাদমাধ্যমকে মনে করিয়ে দিলেন, প্রত্যাশার পারদকে রাখতে হবে নিয়ন্ত্রণে, ‘প্রথম ধাক্কা খেলাম কাল (পরশু) এয়ারপোর্টে..., আপনাদের বিপুল উপস্থিতি এবং সবার মধ্যে আগ্রহ দেখে। আজকে (গতকাল) ঘুম থেকে উঠে ভাবলাম কালকের (পরশু) ঝামেলা তো শেষ, এখন গিয়ে খালি মিটিং করব। কিন্তু আজকেও (গতকাল) এখানে যে অবস্থা, আমি বুঝতে পারছি না ঘটনাটা কী। আমার মনে হচ্ছে, আপনাদের এক্সপেক্টেশন অনেক হাই। আমার মনে হয়, এক্সপেক্টেশন ম্যানেজমেন্টের দরকার আছে।’সঠিক উপলব্ধি দিয়েই শুরু হচ্ছে বিসিবিতে নতুন সভাপতির যাত্রা।