বিসিবি সভার পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ থ্রি’ নামে পরিচিতি পেয়ে যাওয়া তিন ক্রিকেট বোর্ডের গোপন প্রস্তাব ফাঁস হওয়ায় তোলপাড় চলছে ক্রিকেট-বিশ্বে। আর বিসিবি সভার সিদ্ধান্ত জানার পর তোলপাড় বাংলাদেশে! চাপা একটা উত্তেজনা ছিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রস্তাবের খসড়া ফাঁস হওয়ার পর থেকেই। খসড়ায় র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব প্রকাশ হওয়ার পর বাংলাদেশজুড়েই যেন বিস্ময়, ক্ষোভ আর হতাশার মিশ্রণে অদ্ভুত এক অনুভূতি। চাপা সব আবেগের বিস্ফোরণ হলো পরশু বোর্ড সভার ভেতরের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর।
সামাজিক যোগাযোগমাধ্যম, পথের পাশে চায়ের দোকান থেকে করপোরেট অফিস, গোটা দেশেই যেন একটাই আলোচনা। আজ বিসিবির সামনে ও শাহবাগে মানববন্ধন করবেন ক্রিকেটপ্রেমীরা। সবারই একটাই প্রশ্ন, এমন আত্মঘাতী সিদ্ধান্ত কীভাবে নিতে পারল বিসিবি? ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান বোর্ডের প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত ২০-৩ ভোটে জয়ী হওয়ায় বিস্ময়ের শেষ নেই। এমন তীব্র প্রতিক্রিয়ায় হতভম্ব বিসিবি পরিচালকদের অনেকেই। কয়েকজনের দাবি, যেভাবে ছড়িয়ে পড়েছে, ব্যাপারটি আসলে তা নয়। পক্ষে ভোট দেওয়া ২০ জনের একজন বললেন, ‘তিন দেশের প্রস্তাবের পক্ষে নয়, আমরা ভোট দিয়েছিলাম তাদের প্রস্তাবের বিপক্ষে প্রকাশ্য অবস্থান না নেওয়ার জন্য। আমরা যদি প্রকাশ্যে বিরোধিতা করি, তাহলে তো আইসিসির সভায় গিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই। আমাদের মত ছিল তাই প্রকাশ্যে বিরোধিতা না করে সভায় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া।’ পরশু বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথাই বলেছেন বোর্ডপ্রধান নাজমুল হাসান। কিন্তু বিভিন্ন সূত্র থেকে সভায় ভোটের খবর ও সিদ্ধান্তের কথা জেনে যায় সংবাদমাধ্যম। ‘বিগ থ্রি’ তো বটেই, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ নিজের দেশের বোর্ডের ওপরও।
আইসিসির রাজস্বের বড় একটা অংশ নেওয়া, প্রতি দুই বছরে অন্তত একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে পারাসহ অনেক অনেক দাবি আছে তিন দেশের প্রস্তাবে। কিন্তু নৈতিকতা, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ, আর্থিক লাভ-ক্ষতি ছাপিয়ে টেস্টের আঙিনায় টিকে থাকাটাই এখন বাংলাদেশের মূল ভাবনা আর শঙ্কার জায়গা। এ সিদ্ধান্তটি নিতে বোর্ড সভায় পরিচালকদের মাঝে ভোটাভুটি নিয়েই প্রবল আপত্তি আছে সাবের হোসেন চৌধুরীর। বিসিবির সাবেক প্রধান বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের আবেগকে ধারণ করেই কাল একটি চিঠি পাঠিয়েছেন বর্তমান বিসিবিপ্রধানকে। যাতে টেস্ট স্ট্যাটাস অর্জনসহ বিসিবির অতীত গৌরবকে মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘আপনার জায়গায় আমি হলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবি সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বান করতাম। ব্যাপারটি নিয়ে এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) সঙ্গেও আলোচনা করতাম, সরকারের দৃষ্টিভঙ্গিও জানতে চাইতাম। এমন পরামর্শমূলক একটি প্রক্রিয়া আপনার হাতকে আরও শক্তিশালী করত এবং আসন্ন সভার জন্য আপনি আরও বেশি বিকল্প খুঁজে পেতেন।’
তবে বিসিবির অবস্থান শেষ পর্যন্ত যা-ই হোক, প্রস্তাবটি পাস করা সহজ হবে না। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো বিশেষ প্রস্তাব পাস হতে হলে ১০টি পূর্ণ সদস্যরাষ্ট্রের মধ্যে অন্তত ৮টি ভোট লাগবে। তিন দেশের জোট পাশে আরও পাঁচজনকে জোগাড় করতে পারবে বলে মনে হয় না। আইসিসির শীর্ষ কর্তাদের তো এই প্রস্তাবে সায় নেই-ই। আইসিসি প্রেসিডেন্ট অ্যালান আইজাক, ভাইস প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের অগোচরেই খসড়া প্রস্তাব তৈরি করে বিভিন্ন দেশের বোর্ডে পাঠিয়েছে ওই তিন দেশের জোট। ইডব্লুএন স্পোর্টসকে রিচার্ডসন বলেছেন, ‘আমাদের অর্থ ও বাণিজ্যবিষয়ক কার্যনির্বাহী কমিটির মাধ্যমে তারা স্রেফ কিছু সুপারিশ করেছে। তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধি। এই প্রস্তাব নিয়ে আমাদের অর্থবিষয়ক কমিটি ও আইসিসির পূর্ণাঙ্গ বোর্ডে এখনো আলোচনার ব্যাপার আছে।’
২৮-২৯ জানুয়ারির আইসিসি সভাতেই প্রস্তাব পাস হয়ে যেতে পারে বলে যে শঙ্কা অনেকের, সেটিকে উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মুস্তফা কামাল। ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘গঠনতন্ত্র সংশোধন করতে হলে কিছু আইন মানতে হবে। সংশোধনগুলো করতে হলে “এক্সট্রা অর্ডিনারি” সংখ্যাগরিষ্ঠতা লাগবে। অনেক অনেক আলোচনার পরই কেবল এমন সিদ্ধান্ত হতে পারে। এটা অনেক লম্বা প্রক্রিয়া। তবে ক্রিকেটের ক্ষতি হয়, এমন কিছুই করা উচিত নয়। জনপ্রিয়তা, রাজস্ব, প্রশাসন—সবকিছুতেই গত এক দশকে ক্রিকেট অনেক এগিয়েছে। আমার মতে, পরিবর্তন করা ঠিক হবে না।’
তবে ঠিক-বেঠিক বা নৈতিকতার সেই দেয়ালটা গুঁড়িয়ে দিয়েই যে এগোচ্ছে তিন দেশের জোট!