বিসিবি সহসভাপতি পদে ছয় প্রার্থী
এক, দুই, তিন করে সংখ্যাটা এখন ছয়। বিসিবির দুটি সহসভাপতি পদের জন্য আগ্রহী প্রার্থীর সংখ্যা তিন গুণ! তবে ছয়জন পরিচালক সহসভাপতি হতে আগ্রহ প্রকাশ করলেও এ পদে নির্বাচন খুব শিগগিরই হচ্ছে বলে মনে হচ্ছে না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান গত ২৭ নভেম্বর বোর্ডসভার পর দুইয়ের বেশি প্রার্থী থাকলে ৪ ডিসেম্বর অর্থাৎ আজ সহসভাপতি নির্বাচন হবে জানিয়েছিলেন। কিন্তু কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘সভাপতি ঢাকার বাইরে আছেন। তাই (কাল) নির্বাচন হচ্ছে না।’ জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে বিসিবি সভাপতির ঢাকার বাইরে থাকাটা দৃশ্যমান কারণ হলেও আপাতত সহসভাপতি নির্বাচন না হওয়ার কারণ আছে আরও।
গোপন ভোটে নির্বাচন হলেও ভোটারের সংখ্যা মাত্র ২৫-২৬ জন হওয়ায় কে কার ভোট পেলেন কিংবা পেলেন না, তা জানাজানি হয়ে পড়ার সম্ভাবনা যথেষ্টই। আর তাতে বিসিবির পরিচালনা পর্ষদে পড়তে পারে অদৃশ্য বিভাজনরেখা। সামনে দেশে শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরের আগে সেই ঝুঁকি এড়াতেই সহসভাপতি নির্বাচন স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
সহসভাপতি পদের জন্য বোর্ডের কাছে লিখিতভাবে আগ্রহ প্রকাশ করেছেন এনায়েত হোসেন, আহমেদ সাজ্জাদুল আলম, মাহবুবুল আনাম, আফজালুর রহমান সিনহা, আহমেদ ইকবাল হাসান ও আ জ ম নাসির। সহসভাপতি নির্বাচন নিয়ে এই প্রার্থীদের মধ্যেই আছে নানা মত। মাহবুবুল আনাম যেমন বললেন, ‘আমার ধারণা নির্বাচন হয়ে যাবে। সভাপতি একটু ব্যস্ত থাকায় কাল (আজ) হচ্ছে না। ঢাকায় ফিরে হয়তো তিনি এ ব্যাপারে জানাবেন।’ আহমেদ সাজ্জাদুলও মনে করেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হয়ে যাওয়া উচিত। বিসিবির সাবেক এই সহসভাপতি সঙ্গে যোগ করছেন, ‘বোর্ডে সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচনপ্রক্রিয়াটি সর্বসম্মতভাবে ঠিক করা উচিত।’
সহসভাপতি পদের জন্য আপাতত সম্মুখসমরের পক্ষে নন আরেক আগ্রহী পরিচালক এনায়েত হোসেন, ‘সভাপতি সাহেব যদি সহসভাপতি হিসেবে দুজনকে মনোনয়ন দিয়ে দেন তো এখনই দিতে পারেন। তবে নির্বাচনে যেতে হলে আপাতত তা স্থগিত রাখাই ভালো। সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আয়োজন করতে হবে। সহসভাপতি নির্বাচন সেগুলোতে বিঘ্ন ঘটাতে পারে।’
সহসভাপতি পদে নির্বাচন স্থগিতের আসল কারণ নাকি এটাই। নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী বললেন, ‘প্রার্থী বেড়ে যাওয়াই নির্বাচন স্থগিত হওয়ার কারণ। এমনও হতে পারে, আগ্রহীদের সঙ্গে বসে সভাপতিই একটা কিছু ঠিক করে দেবেন।’