বিসিবিকে আইসিসির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির নির্দেশনা থাকার পরও এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি দমন নীতিমালা প্রণয়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কুয়ালালামপুরে কাল শেষ হওয়া আইসিসির প্রধান নির্বাহীদের সভায় বিসিবিকে যত দ্রুত সম্ভব এই নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটকে বলা হয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠেয় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের আগেই এর কাঠামো দাঁড় করাতে।২০১০-এর অক্টোবরে সব সদস্যদেশের বোর্ডের প্রতি আইসিসির দুর্নীতি দমন আইন অনুসরণ করে ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি দমন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। আইসিসি নতুন করে তাগিদ দেওয়ায় বিসিবি সেটিতে কান দেয়নি বলেই মনে হচ্ছে।বিপিএলে ওঠা ম্যাচ পাতানো বিতর্কও এসেছে প্রধান নির্বাহীদের আলোচনায়। আইসিসির ক্রিকেট কমিটি এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছে বিসিবিকে। বিপিএল শুরুর ঠিক আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের এক সাবেক ক্রিকেটারের কাছ থেকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার অভিযোগ করেছিলেন। বিষয়টা খতিয়ে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলেও তদন্তে কী পাওয়া গেছে, সেটা আজ পর্যন্ত জানা যায়নি। তবে বিসিবি সূত্র জানিয়েছে, অভিযুক্ত সাবেক ক্রিকেটার নাকি তদন্ত কমিটির কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছেন। তদন্ত কমিটি নরম হয়ে গেছে তাতেই। সামাজিকভাবে বিব্রত হওয়ার হাত থেকে বাঁচাতে ওই সাবেক ক্রিকেটারকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিপিএল চলাকালে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হয় সাজিদ খান নামের এক পাকিস্তানি নাগরিককে। এসবের ব্যাখ্যায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অভিযুক্ত কারও বিরুদ্ধেই সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আমাদের কাছে দু-একজনের নাম এসেছে। তবে তাদের সঙ্গে কারও কোনো ধরনের লেনদেনের কোনো প্রমাণ মেলেনি। সেজন্যই ছেড়ে দেওয়া হয়েছে।’ তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি।