বিসিবিকে আশা দিলেন লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনসান বিসিবিতে হঠাৎই উত্তেজনা। বিএনপির পক্ষ থেকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলতে কে যেন আসবেন মিরপুরের ক্রিকেট বোর্ড কার্যালয়ে। একটু পর যিনি এলেন, তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ম্যানেজার ও বিসিবির তত্ত্বাবধায়ক কমিটির সাবেক উপদেষ্টা লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা দল। এর পরপরই এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানের ধারায় বিরোধী দলের আন্দোলন তখনো চললে ক্রিকেটকে তার বাইরে দেখতে চায় বিসিবি। এ জন্য বিরোধী দলের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগেরও চেষ্টা চালানো হচ্ছে।
সে রকমই এক মাধ্যম প্রধান বিরোধী দল বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক এম এ লতিফ খান। কাল ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ বিসিবির আরও দু-একজন কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। ‘আমরা সব সময় খেলাকে রাজনীতি থেকে ওপরে রেখেছি’ বললেও শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিকেটকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখা হবে কি না জানতে চাইলে বলেছেন, ‘এটা নির্ভর করবে ৫ জানুয়ারির নির্বাচনের ওপর।’ একটু পর আরেক প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘আমি যত দূর জানি দেশের স্বার্থে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) সবকিছু করতে রাজি থাকবেন।’
এম এ লতিফ জানিয়েছেন, গত নিউজিল্যান্ড সিরিজের সময়ও তাঁর মাধ্যমেই ক্রিকেটকে হরতালমুক্ত রাখতে পেরেছিল বিসিবি। কিন্তু কাল সকালে বিসিবির অনুরোধ নিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে গেলেও ঢুকতে পারেননি তাঁর গুলশানের বাসভবনে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাঁর, ‘জেনারেল মাহবুবের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। উনি আমাকে বললেন, “আমরা খেলাকে সবকিছুর ওপরে রাখতে চাই।”’ বিসিবি প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়া দেখা
করবেন কি না এমন প্রশ্নে লতিফ বলেছেন, ‘ওনার বাসার সামনে থেকে আগে প্রতিবন্ধকতাগুলো ওঠান। একটা পরিবেশ সৃষ্টি করুন ম্যাডামের কাছে যাওয়ার জন্য।’ একটি সূত্রে জানা গেছে, কাল বিকেলে আরও একবার গুলশানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন লতিফ।
বিসিবি অবশ্য এখন পর্যন্ত খুবই আশাবাদী যে ক্রিকেট সব ধরনের রাজনৈতিক কর্মসূচির বাইরে থাকবে। নিজাম উদ্দিন চৌধুরী যেমন বললেন, ‘অতীতেও এ ধরনের ঘোষণা এসেছে। আমরা আশা করছি শিগগিরই এ ধরনের ঘোষণা আবারও আসবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে।’
সে লক্ষ্যে আজ এশিয়া কাপের চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা পাঠানো হবে এসিসিকে। এর আগে কাল আইসিসিকেও পাঠানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনার প্রাথমিক ছক। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এর ওপর আইসিসির নিরাপত্তা বিশেষজ্ঞদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তারা সেটা দেবেন। পরে সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বসে সে অনুযায়ী সবাইকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে চেষ্টা করব আমরা।’