বিসিবিকে টিম মের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতিমতো হুমকি দিয়েই লেখা চিঠিটা। বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালকে ১৭ মে পাঠানো চিঠিতে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার প্রধান নির্বাহী টিম মে হুংকার দিয়েছেন, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিপিএলের দেশি-বিদেশি খেলোয়াড়দের যাবতীয় পাওনা পরিশোধ করা না হলে ফিকা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।ফিকার প্রধান নির্বাহীর চিঠিটি কাল হুবহু প্রকাশ করেছে পাকিস্তানের একটি ওয়েবসাইট। চিঠিতে বিপিএলের খেলোয়াড়দের পাওনা বাকি থাকায় হতাশা প্রকাশ করা হয়েছে। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা বিপিএল, বিসিবি এবং এর সঙ্গে সম্পৃক্ত সবার ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করা হয়েছে। এ ছাড়া খেলোয়াড়দের চুক্তির ১৩ নম্বর অনুচ্ছেদটি জুড়ে দিয়ে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজিরা সময়মতো টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমরা দাবি জানাচ্ছি, বিসিবি টাকা পরিশোধ করুক। খেলোয়াড়দের চুক্তিতে তারা সেটা দেবে বলেছে।’চিঠিতে বলা হয়েছে, ‘দেশি এবং বিদেশি খেলোয়াড়দের যাবতীয় অর্থ যদি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে না পাওয়া যায়, বিসিবির কাছ থেকে এই টাকা আদায়ে ফিকা আইনের পথে হাঁটতে বাধ্য হবে।’ শুধু তা-ই নয়, টাকা না পেলে খেলোয়াড়দের বিপিএলের ভবিষ্যৎ আসরগুলোয় না খেলারও পরামর্শ দেবে ফিকা।ফিকার চিঠির প্রসঙ্গ তুলতেই কাল ক্ষোভে ফেটে পড়েন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের বেশির ভাগ পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। হাতেগোনা যাঁরা এখনো পুরো টাকা পাননি, তাঁদের এজেন্টদের সঙ্গে বিপিএল ও ফ্র্যাঞ্চাইজিদের নিয়মিত যোগাযোগ আছে। সাড়ে তিন মিলিয়ন ডলারের লেনদেন শেষ করতে একটু জটিলতা হতেই পারে। এ নিয়ে কথা বলার উনি কে?’ টিম মেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিপিএল-প্রধান, ‘উনি কি কোনো তথ্যপ্রমাণ হাতে নিয়ে কথা বলছেন নাকি হাওয়া থেকে বলছেন? তাঁর কাছে কয়টা ভাউচার আছে? কে টাকা পায়নি টিম মে এসে বলে যান। না জেনে, না শুনে এ ধরনের কথা বলা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।মের চিঠি ওয়েবসাইটে প্রকাশ হওয়াটাও মানতে পারছেন না গাজী আশরাফ, ‘এ ধরনের একটা চিঠির গোপনীয়তা থাকা উচিত ছিল। এটা ওয়েবসাইটে দিয়ে উনি (মে) ভালো কাজ করেননি। আমরা খুবই আপসেট। চিঠিটা কেন প্রকাশ্যে এল, তা খতিয়ে দেখা হবে।’