বিসিবিকে পিসিবির নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা, দিল্লি নাকি লাহোর? কোথায় হবে বিসিবি-পিসিবি ‘শীর্ষ বৈঠক’?‘শীর্ষ বৈঠক’ কথাটা রাষ্ট্রপ্রধানদের বেলায় বলা হলেও বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে সাম্প্রতিক ঘটনাবলিতে এখন বিসিবি ও পিসিবিপ্রধানের একসঙ্গে বসাটাও বোধ হয় শীর্ষ বৈঠকের মর্যাদা পাবে। পিসিবি সে রকমই একটি বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে বিসিবিকে।পাকিস্তান সফর বাতিলের আগে থেকেই বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদের মুঠোফোনে ও ই-মেইলে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সে যোগাযোগেরই একটা পর্যায়ে উঁকি দিচ্ছে ‘শীর্ষ বৈঠকের’ সম্ভাবনা। আজ কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ। সেখানে, নয়তো ৬ জানুয়ারির ম্যাচ চলাকালে দিল্লিতে, অথবা আগামী ১২ জানুয়ারি লাহোরে অনুষ্ঠেয় পিসিবির অ্যাওয়ার্ড নাইটে দুই বোর্ড প্রধানের সাক্ষাতের সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে। পিসিবি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকে।কিন্তু কলকাতায় ম্যাচটা যেহেতু আজই, আমন্ত্রণ পাওয়ার পর এত দ্রুত সেখানে যাওয়াটা সম্ভব মনে করেনি বিসিবি। ৬ জানুয়ারি দিল্লিতে যাওয়ার সম্ভাবনাও কম। সম্ভাব্য তিনটি তারিখের মধ্যে ১২ জানুয়ারি লাহোরে যাওয়াটাই বেশি সুবিধাজনক মনে হচ্ছে বিসিবির কাছে। তা ছাড়া বিসিবি কর্মকর্তারা সশরীরে পাকিস্তানে গিয়ে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে দেখা করলে তাতে বাংলাদেশের আন্তরিকতাও প্রকাশ হয়। অবশ্য নাজমুল হাসান আর জাকা আশরাফের দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার আগেও, যদি দুজনই উপস্থিত থাকেন ৯ জানুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এসিসির সভায়।সংবাদমাধ্যমে বাংলাদেশ দলের পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন পিসিবি সভাপতি। তবে বিসিবিকে পাঠানো ধারাবাহিক ই-মেইল বা মুঠোফোন যোগাযোগের ভাষা ঠিক তার উল্টো। এসব যোগাযোগের সারমর্ম—বিসিবির সফর বাতিলের সিদ্ধান্তের পরও পিসিবি ইতিবাচক চিন্তা করছে, কারণ আলোচনার দরজা এখনো খোলা। সফর নিয়ে সাময়িক জটিলতা সৃষ্টি হলেও দুই বোর্ডের বন্ধুত্বপূর্ণ ক্রিকেটীয় সম্পর্ক অটুট আছে বলে মনে করে তারা। বিসিবি চাইলে সম্ভাব্য তিনটি তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে পিসিবির সঙ্গে বসতে পারে। সূত্র জানিয়েছে, পিসিবি বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও প্রতিশ্রুতি রক্ষা করার ইঙ্গিত দিয়েছে।বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস পিসিবির কাছ থেকে আলোচনার আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘সফর বাতিলের পর সংবাদমাধ্যমে পিসিবি অনেক কিছু বললেও সেগুলো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল। পিসিবির ই-মেইলে সে রকম কোনো বক্তব্য নেই। আমাদের বরং মনে হয়েছে, দুই বোর্ডের সম্পর্কের ব্যাপারে তারা এখনো ইতিবাচক। আমার বিশ্বাস, দ্বিপাক্ষিক আলোচনায় বসলে সব সমস্যারই ইতিবাচক সমাধান হয়ে যাবে।’ দ্বিপাক্ষিক বৈঠকটা এ মাসেই ভারত বা পাকিস্তানে হবে বলে আশা করছেন জালাল ইউনুস।একই আশা বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীরও, ‘দুই বোর্ডের মধ্যে বিষয়টা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ আছে। মিডিয়ায় তাদের যে রকম প্রতিক্রিয়া দেখেছি সে রকম নয়, আলোচনাটা বন্ধুত্বপূর্ণই হচ্ছে।’