বিসিবিকে পিসিবির সতর্কবার্তা
আর কোনো দেশই যেখানে যেতে রাজি হচ্ছে না, খোদ আইসিসি যেখানে তাদের কর্মকর্তাদের পাঠাতে রাজি নয়; বাংলাদেশ ক্রিকেট দলকে কেন পাঠানো হবে? এমন একটা প্রশ্নই উঠেছে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরকে ঘিরে। বাংলাদেশের অনেকেই এই সফরের বিরুদ্ধে। ওই সফর দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার স্বপ্নটা ধাক্কা খাচ্ছে দেখে পিসিবি একরকম কঠোর অবস্থানে চলে গেল। পিসিবির প্রধান জাকা আশরাফ এই বলে সতর্ক করেছেন, বাংলাদেশ এই সফর বাতিল করলে দুই বোর্ডের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।ক্রিকইনফোকে আশরাফ বলেছেন, ‘তারা (বাংলাদেশ) দল না পাঠালে শেষ পর্যন্ত এটা হবে তাদেরই ক্ষতি। আমরা তাদের সাহায্য করছি। শুধু বাংলাদেশ নয়, বাকি সব দেশের সঙ্গেও আমরা ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই। ওদের লিগগুলোতে আমরা আমাদের খেলোয়াড়দেরও পাঠিয়েছি। এই ইতিবাচক পদক্ষেপগুলোকে তারা সম্মান দেখাক, এটাই আমাদের চাওয়া। পারস্পরিক দেওয়া-নেওয়ার মধ্যেই সবকিছু নির্ভর করে।’আইসিসির ভবিষ্যৎ সভাপতি পদে বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামালকে সমর্থন দিয়েছে পিসিবি। ধারণা করা হয়, এর বিনিময়ে পাকিস্তান চায় এপ্রিলের সফরটি করুক বাংলাদেশ। মুস্তফা কামাল নিজে এই সফরের ব্যাপারে আগ্রহী। কদিন আগে এক প্রতিনিধিদলের প্রধান হয়ে পাকিস্তান সফরও করে এসেছেন মুস্তফা কামাল। নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হতে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। ক্রিকইনফোর সূত্রগুলো বলছে, পাকিস্তান সফরের নিরাপত্তাব্যবস্থায় বিসিবি দৃশ্যত সন্তুষ্ট। কিন্তু তার পরও এই সফরের ব্যাপারে অন্যান্য সদস্যদেশের কাছ থেকে সমর্থন চায় বিসিবি। সেই সমর্থনই মিলছে না। এ নিয়ে দেশের ভেতরেও চাপের মুখে আছেন কামাল। ক্রিকইনফো।সর্বশেষ আইসিসি নিরপেক্ষ আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের পাঠানোর নীতি সংশোধন করছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর কামালও আগের অবস্থান থেকে সরে আসেন। মন্তব্য করেন, এ ধরনের সংশোধন হলে তাঁরাও দল পাঠাবেন না। পিসিবির ধারণা, তৃতীয় কোনো দেশের চাপেই এমনটা করছে বিসিবি।পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, একটা তৃতীয় দেশ বিসিবির ওপর চাপ দিচ্ছে। আমরা জানি, বেশির ভাগ দেশই আমাদের এই উদ্যোগ সমর্থন করছে না। তবে নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করতে কী করা দরকার, সেটিও আমরা জানি। যা করা দরকার, আমরা সেটাই করছি। নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করতে সরকারের উচ্চ পর্যায়ের দ্বারস্থ হয়েছি।’এশিয়া কাপের ফাইনাল দেখতে বাংলাদেশে আসছেন আশরাফ। ওই সফরে আরেক দফা কূটনৈতিক তৎপরতা চালাবেন। পিসিবির প্রধান জানিয়েছেন, ভারতের সঙ্গে আপাতত আর আলোচনায় যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।