বিসিবিকে সিএমপির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচ দিয়ে বড় কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপ-যাত্রায় খুশি হতে পারে বিসিবি ও সংশ্লিষ্টরা। কিন্তু এই ম্যাচ কিছু ভুলত্রুটিও তুলে ধরেছে। আপাতত প্রধান সমস্যা, ট্রান্সটেল গেট ব্যবহার এবং তার পার্শ্বপ্রতিক্রিয়ায় স্টেডিয়ামে প্রবেশজনিত বিলম্ব। বিশ্বকাপে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো দর্শকদের ধৈর্যচ্যুতি অপ্রীতিকর কিছু ঘটাতে পারে বলে আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রস্তুতি ম্যাচেই। ট্রান্সটেল গেট খোলা হয়েছিল ম্যাচের দুই ঘণ্টা আগে। কিন্তু স্টেডিয়ামে প্রবেশে ধীরগতির কারণে সেদিন অনেক দর্শক ম্যাচ শুরুর আগে এসেও গ্যালারিতে ঢুকতে পেরেছিল খেলা শুরুর ঘণ্টা খানেক পর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় সাড়ে ১৮ হাজার। সিএমপির হিসাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ১০টি ট্রান্সটেল গেট (মূল গেট দুটি) দিয়ে এত দর্শক মাঠে ঢোকাতে তিন ঘণ্টারও বেশি সময় প্রয়োজন। একজনের জন্য ন্যূনতম পাঁচ সেকেন্ড করে সময় ব্যয় হলেও এক ঘণ্টায় ট্রান্সটেল গেটের বাধা টপকাতে পারবে ৭২০ জন। এই হিসাবে ১০টি ট্রান্সটেল গেট দিয়ে এক ঘণ্টায় দর্শক ঢুকতে পারবে ৭২০০ জন।প্রস্তুতি ম্যাচের দিন খেলা শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে গেটগুলো খোলা হয়। ট্রান্সটেল গেটের মেশিনে টিকিট দিয়ে পার হতে প্রতিজনের গড়ে ৮ সেকেন্ড সময় লেগেছে। এরপর নিরাপত্তা তল্লাশিও ছিল। এ ছাড়া অনেক টিকিটে বারকোডজনিত সমস্যা থাকায় বাড়তি সময় লেগেছে কারও কারও ক্ষেত্রে। এসব কারণে সিএমপি আগামী মাসের ১১ ও ১৪ মার্চের মূল ম্যাচ দুটি শুরুর অন্তত সাড়ে তিন ঘণ্টা আগে গেট খোলার পরামর্শ দিয়েছে বিসিবিকে।সিএমপি কমিশনার মো. আবুল কাশেম বলেন, ‘আগের ম্যানুয়াল পদ্ধতিতে সময় কম লাগত। কিন্তু এটি আমাদের দেশের জন্য নতুন পদ্ধতি। তাই দর্শকদের জানানো দরকার, খেলার দিন তারা যেন হাতে সময় নিয়ে মাঠে আসে। এটা আমরা বিসিবিকেও বলেছি। ম্যাচ শুরু হয়ে গেলে দর্শকদের লাইনে দাঁড় করানো কঠিন হয়ে পড়বে। গেট অন্তত সাড়ে তিন ঘণ্টা আগে খুলতে হবে।’চট্টগ্রামের ভেন্যু-প্রধান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর অবশ্য সিএমপির পরামর্শকে গুরুত্বই দিচ্ছেন। ওদিকে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ঝামেলা এড়াতে আজকের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের দিনও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট খোলা হবে অন্তত সাড়ে ৩ ঘণ্টা আগে।