বিসিবিকে ‘কথা’ দিলেন মুশফিকরা
বড় সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে বেশ কয়েকবার। এবার ব্যর্থতার জবাবদিহিও শুরু হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কাল জরুরি সভা ডেকেছিলেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। দীর্ঘ প্রস্তুতি নিয়েও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার কারণ জানতে ডাকা হয়েছিল টিম ম্যানেজমেন্ট ও ঢাকায় থাকা ক্রিকেটারদের। পারফরম্যান্সে যে বিসিবি অসন্তুষ্ট, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আর ক্রিকেটারদের পক্ষ থেকে অধিনায়ক মুশফিকুর রহিম কথা দিয়েছেন, এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করবেন। আন্তর্জাতিক ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বকাপে নেমেছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে দুই গ্রুপ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে বাজেভাবে। প্রত্যাশা কেন পূরণ করা গেল না, এটাই জানতে চাওয়া হয়েছিল দলের কাছে। রুদ্ধদ্বার সভার বিস্তারিত জানা যায়নি। সংবাদমাধ্যমে ক্রিকেটারদের কথা বলতে বারণ করা হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সভার পরিবেশ উষ্ণই ছিল। বোর্ড ক্রিকেটারদের স্রেফ এই বার্তাটা দিতে চেয়েছে যে ফলাফলে তারা মোটেও সন্তুষ্ট নয়। ব্যর্থ হলে জবাবদিহির মুখোমুখি না হয়ে পার পাওয়া যাবে না। দলের ফিল্ডিং ও ফিটনেস নিয়েও কথা হয়েছে সভায়। কোচ রিচার্ড পাইবাসের যুক্তি, ক্রিকেট ফিটনেস ঠিকই আছে। কিন্তু ফিজিক্যাল ফিটনেসের চূড়ায় থাকার জন্য প্রয়োজন এক-দুই মাসের কন্ডিশনিং ক্যাম্প। সূচির ব্যস্ততার কারণে সেই সময়টা পাওয়া যায়নি। সব মিলিয়ে এই জরুরি তলব কতটা ফলপ্রসূ হবে, সেটি বলবে সময়। তবে এমন কিছুর যে একটা প্রয়োজন ছিল, সেটার সঙ্গে হয়তো দ্বিমত করবে না কেউ। জবাবদিহি থাকলে একধরনের দায়বদ্ধতা থাকে। বাড়তি তাগিদও তাই চলে আসে। দেখা যাক, এই তাগিদ সামনে কতটা দেখা যায় মাঠের পারফরম্যান্সে।