বিসিবিতে আরও ‘সরকারি’ পরিচালক!
তা হলে উল্টো পথেই হাঁটবে বাংলাদেশের ক্রিকেট! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা যেখানে সব ক্রিকেট বোর্ডকে পুরোপুরি সরকারি প্রভাবমুক্ত করা, সেখানে বিসিবির নতুন গঠনতন্ত্রে সরকার মনোনীত দুজন বাড়তি পরিচালক রাখার ধারা যোগ করতে বলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগের গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে সরকার মনোনীত পরিচালক ছিলেন একজন।বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাবে এটিই একমাত্র নতুন সংযোজন এনএসসির, সঙ্গে কিছু প্রস্তাবে পরিবর্তন আনার কথা জানিয়ে এনএসসি কাল বিসিবিকে চিঠি দিয়েছে। পরিবর্তন এবং সংযোজনগুলো অন্তর্ভুক্ত করে গঠনতন্ত্রের চূড়ান্ত কপি এনএসসিতে জমা দিতে বলা হয়েছে চিঠিতে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এনএসসির কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘আমরা এনএসসির কাছ থেকে গঠনতন্ত্র-সংক্রান্ত একটা কিছু পেয়েছি। সেটি বোর্ড সভাপতিকে পাঠানো হয়েছে।’জানা গেছে, আইসিসির নির্দেশনা অনুযায়ী বিসিবিতে নির্বাচিত সভাপতি আনার প্রস্তাব অনুমোদন করেছে এনএসসি। তবে বিসিবির সাধারণ পরিষদে ক্রিকেটারদের সরাসরি আসার পথ রুদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়নি। এনএসসির সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড সভাপতির মনোনয়নে সাধারণ পরিষদে থাকবেন জাতীয় দলের সাবেক পাঁচজন অধিনায়ক। থাকবেন এনএসসি মনোনীত আরও ১০ জন সাবেক ক্রিকেটার, যাঁদের ন্যূনতম প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। নতুন গঠনতন্ত্রে কাউন্সিলর হিসেবে সাবেক ক্রিকেটারদের মনোনয়নে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কোনো ভূমিকা থাকবে না।সংশোধিত গঠনতন্ত্রে বিসিবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ বিলুপ্ত করে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আনার প্রস্তাব থাকলেও এনএসসি বর্তমান সিইও পদই রাখতে বলেছে। বাদ দেয়নি প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদও। এ ছাড়া কোনো কারণে সভাপতি বা পরিচালকের পদ শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতার শর্ত দেওয়া হয়েছে। সভাপতি পদে নির্বাচন না থাকায় এত দিন এই শর্ত শুধু পরিচালকদের ক্ষেত্রে ছিল।সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাবে না থাকলেও এনএসসি জানিয়েছে, সরকার মনোনীত পরিচালক এখন থেকে একজনের পরিবর্তে তিনজন হবেন। এনএসসির পাঁচ কাউন্সিলরের মধ্য থেকেই অনির্বাচিত এই তিন পরিচালককে মনোনয়ন দেবে সরকার। ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি আনার প্রস্তাব অনুমোদন করা হলেও পরিচালনা পর্ষদে সরকার মনোনীত বাড়তি পরিচালক রাখার এ সিদ্ধান্ত আইসিসির নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। বিসিবি পরিচালক ও গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান দেওয়ান শফিউল আরেফিনও করছেন একই আশঙ্কা, ‘এ রকম কিছু আমাদের সংশোধনী প্রস্তাবে ছিল না। বিসিবিতে একজনের জায়গায় তিনজন সরকার মনোনীত পরিচালক এলে সেটা আইসিসির নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।’ তবে গঠনতন্ত্র অনুমোদন হয়ে যাওয়ার পর এখন যত দ্রুত সম্ভব বিসিবির নির্বাচন হওয়া দরকার বলে মনে করেন তিনি, ‘আগামী মাসেই আমাদের এই পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ। কাজেই বিসিবির উচিত এখনই নির্বাচনমুখী হওয়া।’ওদিকে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার দাবি, প্রস্তাবিত গঠনতন্ত্রে এনএসসি এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। কিছু পরিবর্তন এবং সংযোজনের প্রস্তাব দিয়ে সেগুলো বিসিবিকে পর্যালোচনা করতে বলেছে মাত্র। বিসিবি সেটা করার পরই নাকি চূড়ান্ত অনুমোদন হবে গঠনতন্ত্র। এমন বক্তব্য উড়িয়ে দিয়ে এনএসসির একটি সূত্র নিশ্চিত করেছে, সংশোধিত প্রস্তাবে এনএসসির দেওয়া পরিবর্তন এবং সংযোজনগুলো সংযুক্ত করলেই চূড়ান্ত হয়ে যাবে গঠনতন্ত্র। সাংবিধানিকভাবে এতে বিসিবির আপত্তি জানানোর আর কোনো সুযোগ নেই।