বিসিবিতে আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাটা তাঁর জন্য নতুন নয়। তবে পরিস্থিতির কারণে এখন ক্রিকেট মাঠেও মোহাম্মদ আশরাফুল হঠাৎ আসা আগন্তুকের মতোই। কাল বিকেলে তাঁর আকস্মিক আগমনে যেন একটু হকচকিতই হয়ে পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়।
বিসিবির অফিসে গিয়ে আশরাফুল দেখা করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। সৌজন্য বিনিময় হয়েছে বিসিবির অস্থায়ী কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলমের সঙ্গেও। আশরাফুল ঠিক কী নিয়ে কথা বলেছেন, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি নিজাম উদ্দিন চৌধুরী। তবে জানা গেছে, বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নাকি ইচ্ছা প্রকাশ করেছেন বোর্ড সভাপতির সঙ্গে দেখা করার।
টেলিফোনে যোগাযোগ করা হলে অবশ্য বিসিবি অফিসে যাওয়ার অন্য কারণের কথাই বলেছেন আশরাফুল, ‘২৭ তারিখের মধ্যে আপিল করতে হবে। সে ব্যাপারেই খোঁজখবর করতে গিয়েছিলাম।’ আকসু এবং গণমাধ্যমেও ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে ফেলার পর অভিযোগের বিরুদ্ধে কি আপিল করবেন, জানতে চাইলে তাঁর উত্তর, ‘এসব ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি আইনজীবী নিয়োগ করব। তাঁরা যেটা ভালো মনে করেন, সেটাই করবেন।’