বিসিবিতে দায়িত্ব বণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পর পরই সভা করেছিলেন নবনির্বাচিত বিসিবি পরিচালকেরা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান সেটিকে বোর্ড সভা ধরতে রাজি নন। পরিচালনা পর্ষদের কালকের সভার পর বললেন, ‘ওই মিটিংটা মূলত দায়িত্ব হস্তান্তরের জন্যই হয়েছিল। আনুষ্ঠানিকভাবে আমরা আজই প্রথম সভা করলাম।’
আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে কালকের সভায় বিসিবির স্থায়ী কমিটিগুলো নতুন করে বিলি-বণ্টনেরও ব্যাপার ছিল। কিন্তু বিশেষ কয়েকটি কমিটির প্রধান হওয়ার ‘প্রার্থী’ একাধিক হয়ে যাওয়ায় বংলাদেশের রীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ভারটা সভাপতির ওপরই দিয়ে দেন পরিচালকেরা। বিকেলে সভা শেষ হওয়ার পর সন্ধ্যার মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড সভাপতির ঠিক করা কমিটি প্রধানদের নাম। তবে দায়িত্বটা আপাতত ছয় মাস মেয়াদে। এরপর কমিটি প্রধানদের পারফরম্যান্স মূল্যায়ন করে পুনর্বিন্যাসও হতে পারে।
নির্বাচিত পরিচালনা পর্ষদে জাতীয় দলের তিন সাবেক অধিনায়কদের মধ্যে আকরাম খানকে দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব, নাঈমুর রহমান ও খালেদ মাহমুদকে গেম ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির। পুরোনো বোর্ড পরিচালকদের মধ্যে এনায়েত হোসেন, আহমেদ সাজ্জাদুল আলম ও মাহবুবুল আনাম কোনো কমিটিরই দায়িত্ব পাননি। তবে সূত্র জানিয়েছে, এই তিনজনের মধ্যে দুজন সহসভাপতি হতে যাচ্ছেন, অন্যজন হবেন ওয়ার্কিং কমিটির প্রধান। দুই সহসভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে কালকের সভায়। দুটি সহসভাপতির পদ পেতে ইচ্ছুক পরিচালক দুজনের বেশি হলে ৪ ডিসেম্বর নির্বাচন হবে ওই দুটি পদে। আজ বিকেলের মধ্যে সেই ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে বোর্ডকে।
প্রধান নির্বাচকের শূন্য পদ পূরণের ব্যাপারে সভায় আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বোর্ড সভাপতি বলেছেন, ‘বেশ কয়েকটি নাম আলোচনায় এসেছে। ফারুক, নান্নু (মিনহাজুল আবেদীন), সুমন (হাবিবুল বাশার), কেউ কেউ পাইলটের (খালেদ মাসুদ) নামও বলেছেন। এই সিদ্ধান্তটি সবাই আমার ওপর ছেড়ে দিয়েছেন। আশা করছি, রোববারের মধ্যে এটা ঠিক করে ফেলব।’ এই নামগুলোর মধ্যে ফারুকের পক্ষেই বোর্ডে ‘জনমত’ বেশি বলে জানা গেছে।
জাতীয় দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে সভায়। সিদ্ধান্ত হয়েছে প্রিমিয়ার লিগ শেষে কমপক্ষে এক সপ্তাহের বিরতির পর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। এটা হতে পারে জাতীয় ও ‘এ’ দলের মধ্যে সিরিজ, অথবা তৃতীয় একটি দলকে সম্পৃক্ত করে টুর্নামেন্টও। এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ।
সংবাদ সম্মেলনের শেষ দিকে ‘বিশেষ দ্রষ্টব্যের’ মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের প্রসঙ্গ তুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। মোট টিকিটের ৭০ শতাংশ অনলাইনে বিক্রি হয়েছে জানিয়ে তিনি বললেন, ‘গতবার (২০১১ বিশ্বকাপ) আমরা (বিসিবি) টিকিট বিক্রি করেছিলাম। এবার আইসিসি করছে। টিকিট বিক্রি হোক বা না হোক, চুক্তি অনুযায়ী আইসিসি আমাদের টিকিট বাবদ দুই মিলিয়ন ডলার দেবে।’ অন্যান্য সময় বিসিবির কাছ থেকে সৌজন্য টিকিট পান অনেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটির ব্যতিক্রম হতে যাচ্ছে, ‘সব সময় আমরা কিছু ফ্রি টিকিট দিই। বোর্ড পরিচালক, কাউন্সিলর, ক্লাব, ক্রিকেটার, সরকারি সংস্থা, মন্ত্রী, সংসদ সদস্য এবং ভিআইপিরা তা পেয়ে থাকেন। কিন্তু এবার কোনো ফ্রি টিকিট নেই। আইসিসির কাছ থেকে আমরা যত টিকিটই পাই, সেখান থেকে সবাইকে তা কিনে নিতে হবে।’

কে কোন কমিটির প্রধান
ক্রিকেট পরিচালনা: আকরাম খান, অর্থবিষয়ক: আফজালুর রহমান, শৃঙ্খলা: শেখ সোহেল, গেম ডেভেলপমেন্ট: খালেদ মাহমুদ, টুর্নামেন্ট: গাজী গোলাম মুর্তজা, বয়সভিত্তিক টুর্নামেন্ট: নাঈমুর রহমান, মাঠ: লোকমান হোসেন ভূঁইয়া, ফ্যাসিলিটিজ: তানজিল চৌধুরী, আম্পায়ার্স: নাজমুল করিম, বিপণন ও বাণিজ্য: কাজী ইনাম আহমেদ, মেডিকেল: হানিফ ভূঁইয়া, দরপত্র ও ক্রয়: আনোয়ারুল ইসলাম, মিডিয়া ও যোগাযোগ: জালাল ইউনুস, নিরীক্ষা: শফিউল আলম চৌধুরী, মহিলা ক্রিকেট: এম এ আউয়াল চৌধুরী, লজিস্টিকস ও প্রটোকল: ইসমাইল হায়দার মল্লিক, নিরাপত্তা: মনজুর কাদের, সিসিডিএম: আ জ ম নাসির।