বিসিবিপ্রধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ফিরে গেছে। শ্রীলঙ্কা ‘পরিস্থিতি’ পর্যবেক্ষণ করছে। ভারতীয় ও পাকিস্তানি বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করছে নাকি পাকিস্তানও অপেক্ষা করছে আইসিসির সিদ্ধান্তের। বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় একটি মহল তৎপর, এমন কিছু উড়ো খবরও শোনা যাচ্ছে। বিসিবি যদিও এসবে এখনো শঙ্কার কিছু দেখছে না, তবে চাপা একটা ভাবনা তো থাকেই। বিসিবিপ্রধান নাজমুল হাসান তাই সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানালেন, ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার।
কাল সংবাদ সম্মেলন ছিল আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি নিয়ে। কিন্তু সাম্প্রতিক এসব আলোচনা অবধারিতভাবেই উঠল। এই প্রসঙ্গেই বোর্ডপ্রধানের অনুরোধ, ‘আমাদের এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে দেশে, এর মধ্যেও কিন্তু আমরা ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছি। এই বিজয় দিবস টি-টোয়েন্টি হচ্ছে, জাতীয় লিগ হবে। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। শ্রীলঙ্কা সিরিজ আছে, এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আছে। এখন সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশের চোখ বাংলাদেশের দিকে। আমি শুধু একটা কথাই বলব, রাজনীতি রাজনীতির জায়গায় থাক, খেলার জায়গায় খেলা। আমি সবার কাছে আবেদন জানাব, ক্রিকেট খেলাটাকে যেন উনারা সকল রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখেন। সরকার, বিরোধী দল, সব দলের কাছেই এটি আমার অনুরোধ।’