গত ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে সোনাজয়ী তিন খেলোয়াড়কে প্রতিশ্রুত অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ঘোষণা অনুযায়ী সাঁতারে দুটি সোনাজয়ী মাহফুজা খাতুন শিলা পেয়েছেন ১০ লাখ টাকা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদ ৫ লাখ করে।
কাল গণভবনে তাদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সোনাজয়ী সবাইকে পরে মন্ত্রিপরিষদের সামনে এনে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সীমান্ত, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেছি। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেন। এরপর আমাদের সবাইকে নিয়ে মন্ত্রিপরিষদের সভায় নিয়ে যান। তিনি আমাদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেছেন, চিন্তা কোরো না, সময়মতো তোমাদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।