বিসিবির আরও কাছে রবি
এক বছর ধরেই জাতীয় দলের স্পনসর রবি। বেসরকারি এই মুঠোফোন প্রতিষ্ঠানটি পরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছে পেস বোলিং প্রতিভা অন্বেষণ কার্যক্রমেও। কাল এল বিসিবি-রবির ‘বন্ধুতা’র নতুন ঘোষণা। আগামী তিন বছরের জন্য বিসিবির ‘স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার’ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এক সংবাদ সম্মেলনে চুক্তির বিস্তারিত তুলে ধরলেন বিসিবি ও রবির কর্মকর্তারা। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামের সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক কাজী ইনাম আহমেদ, রবির ব্যবস্থাপনা পরিচালক সুপুন বিরাসিংহে ও চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
নতুন চুক্তির আওতায়ও আছে প্রতিভা অন্বেষণ কর্মসূচি। তবে এবার আর শুধু ফাস্ট বোলার খোঁজা নয়, বিসিবি-রবি মিলে খুঁজবে ব্যাটিং, স্পিন ও উইকেটকিপিং প্রতিভা। বিসিবি ও রবির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ২০০৬ সালে সর্বশেষ হওয়া ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’ ফিরিয়ে আনারও। আগামী তিন বছর ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইটের’ পৃষ্ঠপোষক থাকবে রবি।
এ ছাড়া বিসিবির টেলিকম অংশীদার হিসেবেও কাজ করবে প্রতিষ্ঠানটি। জাতীয় দলের খেলোয়াড়, বিসিবির পরিচালক ও কর্মকর্তাদের ফ্রি টক টাইম, ডেটা ও ভ্যাস (ভিএসএস) সংবলিত বিশেষ বান্ডেল অফারসহ স্মার্টফোন দেওয়া হবে। চুক্তির এই অংশের উল্লেখযোগ্য দিকটি তুলে ধরে মাহবুবুল আনাম বলেছেন, ‘আধুনিক ক্রিকেটে খেলোয়াড় ব্যবস্থাপনার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ও অ্যাপসের ব্যবহার হচ্ছে। এসবের মাধ্যমে কোচ-ট্রেনারদের সঙ্গে খেলোয়াড়দের সার্বক্ষণিক যোগাযোগ থাকে। রবির সার্ভিস নিয়ে আমাদেরও সে রকম কিছু করার চিন্তাভাবনা আছে।’ মুঠোফোন বা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দর্শক-সমর্থকদের সম্পৃক্ত করে কিছু করা যায় কি না, সে নিয়েও রবির সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি।
এসব কাজ অতীতে শুধু কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষণায় হলেও নানা তিক্ত অভিজ্ঞতার কারণে এখন আর সে নীতিতে বিশ্বাসী নয় বিসিবি। মাহবুব আনামই বললেন, ‘এর আগে অনেক কাজে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বল্প মেয়াদে সম্পৃক্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমরা সেসব ধরে রাখতে পারিনি। আমরা চাই পৃষ্ঠপোষকেরা শুধু টাকা দিয়েই দায়িত্ব শেষ না করে আমাদের পরিকল্পনার সঙ্গে সংযুক্ত হোক। সে জন্যই রবিকে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার করা হয়েছে।’
আপাতত তিন বছরের চুক্তি হলেও বিসিবির পাঁচ বছর মেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনায় সেটি পরে বেড়েও যেতে পারে। তবে তার আগে দেখা হবে চুক্তির সফলতা।