বিসিবির ওপর নাখোশ পাকিস্তান
বিষয়টি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পছন্দ হবে না, সেটা অনুমিতই ছিল। এমনিতে শুরুর দিকে বেশ উৎসাহ দেখালেও পরে প্রস্তাবিত সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নেতিবাচক সংকেতই পাচ্ছে পিসিবি। এ নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন পিসিবির প্রধান জাকা আশরাফ। ফাইনালের শেষ ওভারে আইজাজ চিমা ইচ্ছা করেই দ্বিতীয় রান নিতে বাধা দিয়েছেন মাহমুদউল্লাহকে—এমন অভিযোগ করে এসিসি আর আইসিসির দ্বারস্থ হওয়ার কথা বলায় বিসিবির ওপর আরেক দফা নাখোশ পিসিবি। ম্যাচ শেষে সেদিন ম্যাচ রেফারি বা দুই আম্পায়ারের কেউ এ নিয়ে পাকিস্তান দলকে কিছু বলেননি। অথচ এখন এ নিয়ে প্রশ্ন তুলে আসলে উপভোগ্য ফাইনালটিকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পিসিবির শীর্ষ কর্মকর্তা ইন্তিখাব আলম।পাকিস্তানের সাবেক এই কোচ বলেছেন, ‘এ নিয়ে বাংলাদেশের প্রশ্ন তোলাটা সত্যিই বেদনাদায়ক ও হতাশার। এটা ছিল রোমাঞ্চকর একটি ফাইনাল। ৪৮ ঘণ্টা পর এ নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।’ ইন্তিখাবের মতে, এ ধরনের প্রশ্ন তোলায় দুর্দান্ত ফাইনালটি খামোখাই বিতর্কিত হবে, ‘বাস্তবতা হলো, এ নিয়ে পাকিস্তান দলের কাছে আম্পায়ার বা রেফারিরা কোনো প্রশ্নই করেননি। আসলে এমন প্রশ্নে শেষ পর্যন্ত দারুণ উপভোগ্য ফাইনালটির মজা নষ্ট হয়ে যাবে।’এশিয়া কাপের ফাইনালে শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে বোলার আইজাজ চিমার সঙ্গে ধাক্কা লেগেছিল মাহমুদউল্লাহর। তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ১ রান নিয়েই। তা ছাড়া স্ট্রাইকিং প্রান্তে চলে যান রাজ্জাক। নিয়ম অনুযায়ী, বোলার ইচ্ছাকৃতভাবে বাধা দিলে ৫ রান জরিমানা হওয়ার কথা। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন জানিয়েছিলেন, ‘আম্পায়ার তখন মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিলেন বোলারকে। কিন্তু বোলার বাধা দিলে নিয়মানুযায়ী ডেলিভারিটি ডেড হওয়ার কথা, সঙ্গে পেনাল্টি ৫ রান। কালই (পরশু) এ ব্যাপারে আমরা আইসিসি ও এসিসির কাছে অভিযোগ করেছি।’ আম্পায়ার স্টিভ ডেভিস তখন বোলার চিমাকে সতর্ক করেছিলেন। কিন্তু কোনো পেনাল্টি রান দেননি। আলমের দাবি, পেনাল্টি দেওয়ার মতো হলে তখনই তা দিতেন আম্পায়ার, ‘আম্পায়ারদের সেই বিশেষ এখতিয়ার আছে। তবে এ ক্ষেত্রে আম্পায়ার কোনো পেনাল্টি রানের সংকেত দেননি।’ পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদও বলেছেন, বাংলাদেশ অনেক পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানানোয় তাঁরা বিস্মিত। অবশ্য তিনি বলেছেন, বিসিবির এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। সুবহানের কথা থেকে বোঝা যায়, আগামী মাসে প্রস্তাবিত বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে নতুন কোনে শঙ্কা তৈরি করতে চায় না পিসিবি। এএফপি, ওয়েবসাইট।