গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। বিসিবির আলোচিত সংশোধিত গঠনতন্ত্র কেন অবৈধ হবে না—এই মর্মে কাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওপর আদালত রুল জারি করেছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে এনএসসিকে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।এর আগে বিসিবির সাবেক পরিচালক ও স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল (বাবু) বিসিবির গঠনতন্ত্রের কিছু সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে রিট আবেদন করেন। রিট আবেদনকারীদের আইনজীবী কে এম হাফিজুল ইসলাম বলেছেন, ‘বিসিবির গত বিশেষ সাধারণ সভায় অনুমোদিত সংশোধনীগুলোকে বিবেচনায় না এনে এনএসসি নতুন করে গঠনতন্ত্র সংশোধন করে এবং বিসিবিকে তা কার্যকর করতে বলে। কিন্তু বিসিবির বিশেষ সাধারণ সভার অনুমোদন ছাড়া গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা এনএসসির নেই। এটা তারা চাপিয়ে দিচ্ছে।’এ আবেদনের পরিপ্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ওই রুল জারি করেন আদালত। একই সঙ্গে গঠনতন্ত্রের নতুন সংশোধনীর ভিত্তিতে কোনো কার্যক্রম পরিচালনার ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে দাবি রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী। তবে এনএসসির আইন কর্মকর্তা কবিরুল হাসান এ বিষয়ে কালই কোনো মন্তব্য করতে রাজি হননি। আবেদনকারীদের পক্ষে রিট পরিচালনা করেন আইনজীবী মাহবুব শফিক।কাল বিকেলে এনএসসিকে আদালতের রুল জারির খবরটি যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌঁছায়, সেখানে চলছিল সংশোধিত গঠনতন্ত্রকে স্বাগত জানিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে কোয়াবের সহসভাপতি ও বিসিবির অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সংশোধিত গঠনতন্ত্রের বিভিন্ন ধারার মাধ্যমে ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের অধিকার সমুন্নত করা হয়েছে। এ জন্য আমরা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানাই।’ মাহমুদের দৃষ্টিতে বিসিবির গঠনতন্ত্র এখনই সবচেয়ে ভারসাম্যপূর্ণ, ‘আগে ক্রিকেট বোর্ডে ভালো লোক আসার রাস্তা ছিল না। কিছু লোকের কাছে এটা জিম্মি ছিল। এখন বোর্ডে ভালো লোক আসার সুযোগ তৈরি হলো। সেই ভালো লোক ক্রিকেটার বা সংগঠক যে কেউ হতে পারে।’ সংশোধিত গঠনতন্ত্রে তিন শ্রেণীতে ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান রাখা হয়েছে। সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার থাকবেন পাঁচজন, এ ছাড়া এসএসসি মনোনীত ১০ জন এবং কোয়াব মনোনীত একজন সাবেক ক্রিকেটার বিসিবির কাউন্সিলর হতে পারবেন।সংবাদ সম্মেলনে কোয়াব কর্মকর্তারা ছাড়াও ছিলেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার। জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান, সাবেক ক্রিকেটার শাকিল কাসেমদের সঙ্গে মঞ্চে ছিলেন এখনকার মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালসহ অনেকেই। তাঁদের পাশে রেখে বাংলাদেশের ক্রিকেটে কোয়াবের অবস্থান তুলে ধরেন সংস্থার সভাপতি নাঈমুর, ‘আগে কোয়াবের অবস্থান নিয়ে দ্বিধাবিভক্তি ছিল। বলা হতো, কোয়াবের কোনো স্বীকৃতি নেই। কিন্তু আমি মনে করি সংশোধিত গঠনতন্ত্রে কোয়াবের স্বীকৃতিটা ভালোভাবেই স্পষ্ট করা হয়েছে। খেলোয়াড়দের অধিকার রক্ষায় এই সংস্থা সব সময় কাজ করে যাবে। ক্রিকেটাররা বোর্ডে আসায় সেই কাজের সুযোগ আরও বাড়ল।’বাংলাদেশের খেলোয়াড়দের অধিকারের প্রশ্নে বড় এক প্রশ্ন ঝুলিয়ে রেখেছে বিপিএল। এক বিপিএল গিয়ে আরেক বিপিএল চলে এলেও এখনো আগের বিপিএলের বকেয়া টাকা পুরোপুরি পাননি অনেক ক্রিকেটার। মোহাম্মদ আশরাফুল তো মঞ্চে বসেই জানালেন সেটা। খেলোয়াড়দের বিপিএল-বকেয়া নিয়ে কোয়াব এর আগে সোচ্চার থাকলেও কাল উল্টো আশ্বাসের বাণী শোনালেন সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ‘বোর্ডের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখছি। গত এক সপ্তাহে সেটা আরও ভালোভাবে হয়েছে। আশা করি, নিলামের আগেই সব বকেয়া পরিশোধ হয়ে যাবে।’ দ্বিতীয় বিপিএলের নিলাম হওয়ার কথা ২০ ডিসেম্বর।