বিসিবির ঘোষণা ল-ই কোচ
বাংলাদেশ দলের কোচ হওয়ার খবরটা পরশু স্টুয়ার্ট ল-ই নিশ্চিত করেছেন প্রথম আলোকে। গতকাল বিসিবি থেকেও এল আনুষ্ঠানিক ঘোষণা। সংবাদ সম্মেলন ডেকে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, স্টুয়ার্ট ল-র সঙ্গে দুই বছরের চুক্তি হচ্ছে। মেয়াদ শুরু আগামী ১ জুলাই থেকে।জেমি সিডন্সের উত্তরসূরি হিসেবে বিসিবির যে স্টুয়ার্ট ল-কেই পছন্দ, গত ৪ জুনের বোর্ড সভার পরই তা জানা গিয়েছিল। কথাবার্তা চূড়ান্ত, সেই আভাসও পাওয়া যাচ্ছিল। কিন্তু ল শ্রীলঙ্কা দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকায় আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছিল বিসিবি। পরশু ইংল্যান্ড থেকে টেলিফোনে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ল জানিয়ে দেন, ‘বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর এখনো বাকি। তবে আমি শ্রীলঙ্কান বোর্ডকে বলে দিয়েছি, যুক্তরাজ্য সফরের পর আর থাকছি না। আমার দিক থেকে সবকিছু চূড়ান্তই।’বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাটা এল এর পরই। তবে কাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির প্রধান জানালেন, ‘ল চুক্তিতে সই করেছেন। আজকের (গতকাল) মধ্যেই আমাদের হাতে চুক্তিপত্র এসে পৌঁছাবে।’ শুরুতে ৩-৪ জনের সংক্ষিপ্ত তালিকা থাকলেও গত ৩০ মে স্টুয়ার্ট ল-কেই কোচ করার বিষয়টি একরকম চূড়ান্ত হয়ে যায় বলে জানিয়েছেন তিনি।৯ জুলাই চলতি ইংল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কা দল যাবে স্কটল্যান্ডে। সেখানে দুটি ওয়ানডে খেলে তাদের যুক্তরাজ্য সফর শেষ হবে ১৩ জুলাই। তবে ল নাকি বিসিবিকে জানিয়েছেন, ৯ জুলাইয়ের পরই শ্রীলঙ্কা দল ছাড়ার চেষ্টা করবেন। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডে ব্যক্তিগত কিছু কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব যোগ দেবেন নতুন চাকরিতে। সেটা জিম্বাবুয়ে সফরের আগে হওয়ারই সম্ভাবনা। শেষ পর্যন্ত না পারলে সরাসরি জিম্বাবুয়েতে গিয়ে দায়িত্ব নেবেন দলের। শুরুতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা ছিল ২৭ জুলাই। দক্ষিণ আফ্রিকায় চারদিনের প্রস্তুতি ম্যাচটি চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ১৮ জুলাই দেশ ছাড়বে সাকিব আল হাসানের দল।ল-র বেতন-ভাতা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না বললেও তা সিডন্সের চেয়ে খুব বেশি নয় বলে জানিয়েছেন মিডিয়া কমিটির প্রধান। বাংলাদেশ দলের কোচ থাকাকালে ল-র আইপিএল বা অন্য কোথাও কাজ করার সুযোগ নেই চুক্তিতে। ‘আইপিএলের জন্য আমরা কোচকে কোনো উইন্ডো দেব না। বাংলাদেশ দলের সঙ্গে ব্যস্ততা না থাকলে যদি ল কোথাও কোনো ঘরোয়া ক্রিকেটে কাজ করতে চান, সেটা বোর্ডের অনুমতির ওপর নির্ভর করবে। তবে এ সংক্রান্ত কোনো শর্ত চুক্তিতে নেই’—বলেছেন জালাল ইউনুস। সব মিলিয়ে স্টুয়ার্ট ল-বিসিবি চুক্তিতে দুই পক্ষের কেউই ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি তাঁর, ‘আমি বলব, চুক্তিতে দুই দলই উইন-উইন পজিশনে আছে।’সংক্ষিপ্ত তালিকা থেকে কোচ হিসেবে ল-কেই বেছে নেওয়ার পেছনে তাঁর নেতৃত্বগুণও ভূমিকা রেখেছে। কুইন্সল্যান্ড দলকে ১০ বছর নেতৃত্ব দিয়েছেন, ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক ছিলেন ২০০৮ সালে।বিসিবি আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ল-র মুখ থেকে বাংলাদেশের কোচ হওয়ার খবর বেরিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। এ নিয়ে বোর্ড কিছুটা বিব্রত হলেও জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘হয়তো তিনি মনে করেছেন, এখানে (বাংলাদেশে) ঘোষণা হয়ে গেছে। অথবা বাংলাদেশের কোচ হতে পেরে তিনি খুব এক্সাইটেড। সেই এক্সাইটমেন্ট থেকেই হয়তো বলে দিয়েছেন।’হেড কোচ চূড়ান্ত, তবে এখনো ঠিক হয়নি জাতীয় দলের সহকারী এবং বোলিং-ফিল্ডিং কোচ। সহকারী কোচ স্থানীয় কেউই হবেন। ল-ও নাকি মেনে নিয়েছেন বোর্ডের এই শর্ত। একটি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সফরের জন্য ল-র সহকারী হিসেবে সারওয়ার ইমরানের সম্ভাবনাই বেশি।জালাল ইউনুস জানিয়েছেন, সম্ভাব্য বোলিং কোচের একটা সংক্ষিপ্ত তালিকা তাদের হাতে আছে। ল এলে তাঁর সঙ্গে আলোচনা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই কথা ফিল্ডিং কোচের ব্যাপারেও। যদিও জিম্বাবুয়ে সফরের আগে এই দুই পদে বিদেশি কাউকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন তিনি।