বিসিবির নিরাপত্তা সমন্বয় সভা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি দেশের বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি। তবে নিজেদের কাজগুলো তো ঠিকঠাক করতে হবে! কাল পুলিশ সদর দপ্তরে তাই হয়ে গেল নিরাপত্তা সমন্বয় সভা। নিরাপত্তা পরিকল্পনা আলোচনা-পর্যালোচনা করেছে বিসিবি ও নিরাপত্তা সংস্থাগুলো। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, আসন্ন শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপেও সব দলের জন্য থাকবে সর্বোচ্চ নিরাপত্তা।
শ্রীলঙ্কার দুই নিরাপত্তা পরিদর্শকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে লঙ্কান বোর্ড। এবার ১৯ জানুয়ারি নিরাপত্তা পরিদর্শনে আসবেন আরও কয়েকটি দেশের পরিদর্শক। এই পরিদর্শকদের সম্পর্কে বিসিবির ভাবনাটা জানালেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সব দেশকেই আমরা নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছি। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, বাংলাদেশে এসে নিরাপত্তাব্যবস্থা স্বচক্ষে দেখে যেতে। বাইরে থেকে অনেক সময়ই অনেক ব্যাপক কিছু মনে হয়, এখানে এসে দেখলে অনেকের ভুল ভাঙবে। তো ১৯ তারিখ যাঁরা আসবেন, তাঁদের সবাইকে একসঙ্গে আমরা ২০ তারিখ ব্রিফ করব। আমাদের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করব।’
সেনা কমান্ডোসহ পাকিস্তান বেশ কিছু বাড়তি ব্যবস্থা চেয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিসিবির প্রধান নির্বাহীর বিশ্বাস, ‘বিসিবির নিরাপত্তা পরিকল্পনা দেখার পর আর বাড়তি কিছুর প্রয়োজন মনে করবে না কোনো দেশ। তার পরও বাড়তি কিছু চাইলে, সেটাও দেওয়া হবে।’