বিসিবির প্রস্তাব বিবেচনা করছে দ. আফ্রিকা
পাকিস্তান সফর আপাতত হচ্ছে না। হারারে-বুলাওয়েতে পিচের কাজ চলছে বলে জিম্বাবুয়ে সিরিজও গেছে পিছিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ দলের। ফাঁকা এই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রস্তাবটা বিবেচনা করছে ভালোভাবেই।সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফাউল বলেছেন, ‘বিসিবির কাছ থেকে আমরা একটা অনুরোধ পেয়েছি এবং সিরিজটা খেলা সম্ভব কি না, সেটা বিবেচনা করে দেখছি। এমন নয় যে আমরা খেলতে চাচ্ছি না, তবে সবকিছু নির্ভর করছে সূচি ঠিক করতে পারার ওপর।’ দক্ষিণ আফ্রিকা দলের পূর্বনির্ধারিত সূচি এবং স্থানীয় আবহাওয়ার ওপরই নির্ভর করছে বিসিবির প্রস্তাবের ভবিষ্যৎ।বেশি বেশি খেলে না আবার ক্রিকেটারদের ক্লান্তিতে পেয়ে বসে, খেয়াল রাখতে হচ্ছে সেটার ওপরও। এসব ব্যাপারে ফাউল এ সপ্তাহেই কথা বলবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন ও জাতীয় দলের কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে। ‘আমরা সব সময় খেলতেই চাই। তবে প্রস্তুতি কতটা হলো, দল কতটা বিশ্রাম পেল, এসবের ওপরও নজর রাখতে হবে’—বলেছেন প্রধান নির্বাহী। বাংলাদেশ দলের আপাতত কোনো ব্যস্ততা না থাকলেও দক্ষিণ আফ্রিকা দলের সূচি বেশ ব্যস্ত। নিউজিল্যান্ডে মাত্রই এক মাসের সফর শেষ করেছে দলটা। জুলাইয়ের শুরুর দিকে দুই মাসেরও বেশি সময়ের জন্য যাবে ইংল্যান্ডে। সেখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায়। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়া সফর, নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা অথবা দক্ষিণ আফ্রিকা দলকে বাংলাদেশে এনে খেলানো, নিজেদের খরচে সিরিজ খেলার দুই রকম প্রস্তাবই দিয়ে রেখেছে বিসিবি। তবে মে মাসের প্রচণ্ড গরমে প্রোটিয়াদের বাংলাদেশে এসে খেলার সম্ভাবনা কম। অন্যদিকে ওই সময় দক্ষিণ আফ্রিকায় পড়ে তীব্র শীত। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় খেলা হলে সিরিজের ভেন্যু ডারবানে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন ফাউল। ওয়েবসাইট।বিসিবির বিকল্প প্রস্তাব আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে জিম্বাবুয়েতে গিয়ে তিন জাতি সিরিজ খেলারও। জিম্বাবুয়ে ক্রিকেট ওটা আয়োজনে প্রস্তুত না হলে দায়িত্বটা নিতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা।