বিসিবির প্রস্তাবে রাজি আয়ারল্যান্ড
ওয়ানডে বাদ দিয়ে বিসিবির টি-টোয়েন্টি খেলার প্রস্তাবে রাজি হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। জুলাইয়ের প্রস্তাবিত এ সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ কোথায় হবে, এখন আলোচনা চলছে সেটি নিয়েই।বিসিবির ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালন ব্যবস্থাপক সাব্বির খান কাল জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড আমাদের প্রস্তাবে সম্মত হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি তারা হল্যান্ডে খেলতে বলছে। তবে আমরা চাইছি পাঁচটি ম্যাচই আয়ারল্যান্ডে খেলতে।’এ সফরে বাংলাদেশ দলের বিমানভাড়া বহন করতে হবে বিসিবিকেই। শেষ দুই ম্যাচের জন্য হল্যান্ডে যেতে হলে খরচটা বেশি পড়ে যায়। বিসিবি সে জন্যই চাইছে সব ম্যাচ হোক আয়ারল্যান্ডে। অন্যদিকে আইসিসির তিন ইউরোপিয়ান সহযোগী দেশ এ ধরনের সিরিজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে আয়োজন করে বলে শেষ দুটি ম্যাচ হল্যান্ডে খেলতে বলছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই পক্ষে এখন এটা নিয়েই চলছে আলোচনা।ওদিকে আগস্টে ত্রিনিদাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সেটার পরিবর্তে এখন হবে চার জাতি টুর্নামেন্ট। নতুন দল হিসেবে যোগ হয়েছে জ্যামাইকা ও আফগানিস্তান। ২৫ আগস্ট বাংলাদেশ দলের ত্রিনিদাদে যাওয়ার কথা থাকলেও এখন কিছুটা এগিয়ে আসতে পারে সফরটি। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের।