বিসিবির বার্ষিক সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের বিসিবিতে সরাসরি কাউন্সিলর হওয়ার পথ তাহলে বন্ধই হয়ে যাচ্ছে! গঠনতন্ত্রের আরও অনেক প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে আজকের ইজিএম (বিশেষ সাধারণ সভা) ও এজিএমে (বার্ষিক সাধারণ সভা) অনুমোদিত হয়ে যাওয়ার কথা এটিও। রাজধানীর এক হোটেলে আজ সকাল সাড়ে ১০টায় শুরু হবে ইজিএম। ইজিএম শেষে হবে এজিএম।বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি-৩-এ মোট ১৫ জন সাবেক ক্রিকেটারকে বিসিবির কাউন্সিলরশিপ দেওয়া হয়। সংশোধনীতে এটি বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। থাকছে না সাবেক অধিনায়কদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগও।বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনার পর ক্রিকেটারদের প্রতিনিধিত্ব বাতিল না করার আশ্বাস দিয়েছিলেন। বোর্ড সভাপতি কালও বলেছেন, তিনি এই প্রস্তাবের বিপক্ষে। তবে প্রস্তাবটি পাস হবে কি না, সে কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেননি। সংশোধনীতে বিসিবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পরিবর্তে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নিয়োগের প্রস্তাবও করা হয়েছে।বার্ষিক সভায় আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া বিসিবিতে সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্তও অনুমোদিত হওয়ার কথা। ২০১৩ সালের জুনের মধ্যে সব ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতির ব্যাপারে আইসিসির নির্দেশনা অনুযায়ীই হচ্ছে এটি।