বিসিবির বিরুদ্ধে ক্রীড়া উন্নয়ন পরিষদের অভিযোগ
ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আনা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে গত বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’। বাংলাদেশের ক্রিকেটের অব্যবস্থাপনা, ব্যর্থতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি কাল রাজধানীর একটি হোটেলে আয়োজন করে সংবাদ সম্মেলনের। তবে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেও সংগঠনটি কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে পারেনি। সব অভিযোগই করেছে বিভিন্ন সময়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলোর ভিত্তিতে।
এই অভিযোগের তালিকায় উঠে এসেছে বিপিএলের ম্যাচ পাতানো প্রসঙ্গ, কম মূল্যে টিভি স্বত্ব বিক্রি, বোর্ডের নির্বাচন প্রসঙ্গ, আন্তর্জাতিক অঙ্গনে বিসিবির কূটনৈতিক সম্পর্কের অবনতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের হসপিটালিটি বক্স ও করপোরেট বক্স বিক্রির আর্থিক দুর্নীতি, স্টেডিয়ামে জেনারেটর সরবরাহ নিয়ে দুর্নীতি এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের সেলিব্রেশন কনসার্ট-সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম। কারা এসব অনিয়মের সঙ্গে জড়িত, সেটা নিয়েও পরিষ্কার করে জানাতে নারাজ সংগঠনের কর্মকর্তারা। ক্রীড়া উন্নয়ন পরিষদের কর্মকর্তা আবদুস সালাম এসব বিষয়ে প্রথমে পাঁচ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর তাঁর কাছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নাম জানতে চাওয়া হয়। প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা নাম প্রকাশ করে কাউকে খাটো করতে চাই না। বিসিবিতে অনেক অনিয়ম হচ্ছে। আমরা চাই এগুলোর সংশোধন হোক। আমরা চাইলেই নাম বলতে পারি, কিন্তু বলতে চাই না।’
শুধু ক্রিকেট নয়, ধারাবাহিকভাবে ফুটবল, হকি এবং অন্য ফেডারেশনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলোও তুলে ধরা হবে বলে জানিয়েছে এই সংগঠন। কালকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক ম্যানেজার কর্নেল (অব.) এম এ লতিফ, সাবেক সাংসদ নুরুল কবির শাহীন, ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল, মোস্তাকুর রহমান প্রমুখ।