বিসিবির ব্যাখ্যা ও প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালের আইসিসি ট্রফির ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, ট্রফি নিয়ে কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনের কিছু তথ্য ভুল ও ধারণানির্ভর। আসল আইসিসি ট্রফিটি এখন দুবাইয়ে আইসিসির কার্যালয়ে আছে।বিজ্ঞপ্তিতে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ১৬ বছর আগের টুর্নামেন্ট হওয়ায় বিষয়টা নিয়ে আইসিসিতে তাঁরা খোঁজখবর করে জেনেছেন, ওই সময় ছবি তোলা এবং প্রচারণামূলক কার্যক্রমের জন্য চ্যাম্পিয়ন দলকে কয়েক মাসের জন্য ট্রফিটা দেওয়া হলেও আসল ট্রফি বা রেপ্লিকা একেবারেই দিয়ে দেওয়ার কোনো নিয়ম ছিল না। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী দলের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নাকি বোর্ড নিশ্চিত হয়েছে, আসল ট্রফি বা রেপ্লিকা বাংলাদেশে আসেইনি।প্রতিবেদকের বক্তব্য: বিসিবির ব্যাখ্যায় কোনো সংবাদমাধ্যমের নাম উল্লেখ করা হয়নি। তবে গতকাল প্রথম আলোর খেলার পাতায়ও ‘আইসিসি ট্রফি নিয়ে ধূম্রজাল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনের কোথায় ‘ভুল’ এবং ‘ধারণানির্ভর’ তথ্য দেওয়া হয়েছে ব্যাখ্যায় সেটি বলা হয়নি।প্রথম আলোর প্রতিবেদনটি আইসিসি ট্রফিজয়ী দলের খেলোয়াড়-কর্মকর্তা, তৎকালীন ও বর্তমান বোর্ড কর্মকর্তা এবং কর্মচারীদের বক্তব্য নিয়ে করা হয়েছে। তাঁরাই দাবি করেছেন, ’৯৭ সালে বাংলাদেশ দলের জেতা আইসিসি ট্রফি তাঁরা বিভিন্ন সময় বঙ্গবন্ধু স্টেডিয়াম ও গুলশানের নাভানা টাওয়ারের বিসিবি কার্যালয়ে দেখেছেন। এখন সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না।২০১১ বিশ্বকাপ এবং গত বছর আইসিসিজয়ী দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের সময় বিসিবি ট্রফিটি খুঁজেছিল। ট্রফি যদি বাংলাদেশে না-ই আসবে, তবে কেন সেটা খোঁজা হবে? তার মানে বিসিবি জানতই না ট্রফিটি কোথায়। এখানে বিসিবির উদাসীনতাই সবার চোখে প্রকট হয়ে ওঠে। নিজেদের জেতা ট্রফির অবস্থান জানতে শেষ পর্যন্ত আইসিসির দ্বারস্থ হয়ে বিসিবি সেটা প্রমাণও করেছে। দুবার খোঁজ করে ট্রফি না পাওয়ার পরও বিসিবি ট্রফি খোঁজার কোনো উদ্যোগ নেয়নি। টনক নড়েছে সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর।