বিসিবির ভাবনায় আরেকটি টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ শেষ না করে দেশে ফিরে যাওয়াটা বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশের ওপর বড় একটা প্রশ্নচিহ্নই ঝুলিয়ে দিয়েছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ, এর পরপরই বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ অস্বস্তিকরই। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তো নিয়মিতই খোঁজখবর নিচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে।
দেশে যে ক্রিকেট খেলার পরিবেশ আছে, সেটা প্রমাণের চ্যালেঞ্জের সামনে তাই এখন বিসিবি। বিশ্বের কাছে প্রমাণ করতে হবে চলমান রাজনৈতিক পরিস্থিতি আর যা-ই হোক ক্রিকেট খেলার পথে বাধা নয়। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারটি তো আছেই। এই দুই উদ্দেশ্য সামনে রেখে এ মাসের শেষ সপ্তাহেই চার দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর চিন্তা করছে বিসিবি। টুর্নামেন্টের নাম হতে পারে ‘বিজয় দিবস টি-টোয়েন্টি কাপ’। সম্ভাব্য ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং সিলেট বিভাগীয় স্টেডিয়াম। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রাথমিক ফরম্যাট অনুযায়ী শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কাল টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনার কথা জানিয়ে বললেন, ‘সম্ভাব্য সেরা ৬০ জনকে নিয়ে চার দলের টুর্নামেন্টটি আয়োজনের চিন্তাভাবনা চলছে। নির্বাচকেরা দলগুলো করে দেবেন। কাল-পরশুর মধ্যেই হয়তো টুর্নামেন্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।’ টুর্নামেন্টের ম্যাচগুলো শেরেবাংলা স্টেডিয়ামের পাশাপাশি সিলেট বিভাগীয় স্টেডিয়ামেও হতে পারে জানিয়ে যোগ করলেন, ‘অবশ্য সবকিছু নির্ভর করছে দেশের পরিস্থিতির ওপর।’
যে পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় লিগের ভবিষ্যৎও। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপাতদৃষ্টিতে সেটি হচ্ছে না বলেই মনে হচ্ছে। জাতীয় লিগ চলে যেতে পারে জানুয়ারির শেষ সপ্তাহে। হরতাল-অবরোধের মধ্যে আর যা-ই হোক এক জেলা থেকে আরেক জেলা ভ্রমণ করে ক্রিকেট খেলার ঝুঁকি তো নেওয়া যায় না। চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনার এটাও একটা কারণ। ঘরোয়া ক্রিকেটের সময়টা ফাঁকা পড়ে থাকলে ক্রিকেটারদের খেলায় যেমন মরচে পড়বে, প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশে ক্রিকেটের সুস্থির পরিবেশ।
ভেতরের কারণ যা-ই থাকুক, আকরাম জানিয়েছেন, সদ্য শেষ হওয়া চ্যালেঞ্জ সিরিজের মতো এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যও খেলোয়াড়দের খেলার মধ্যে রাখা। ‘আমাদের ক্রিকেট মৌসুমটা শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই এই সময়ে ওরা যত বেশি পারে ম্যাচ খেলুক’—বলেছেন তিনি। ঠিকঠাকভাবে হতে পারলে টুর্নামেন্ট নিয়ে বিসিবির কিছু বড় চিন্তাও আছে। ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যায় কি না, সেটা বিবেচনা করে দেখা হচ্ছে। এ ছাড়া টুর্নামেন্টের দলগুলোর সঙ্গে বিসিএলের ফ্র্যাঞ্চাইজিদের সম্পৃক্ত করারও ইচ্ছা বিসিবির। সে ক্ষেত্রে এই টুর্নামেন্ট থেকে ভালো অঙ্কের ম্যাচ ফি পেতে পারেন খেলোয়াড়েরা। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদের আভাস সে রকমই, ‘সীমিত পরিসরে হলেও আমরা মোটামুটি ভালো একটা টুর্নামেন্ট করতে চাই। বিসিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে খেলোয়াড়েরা কিছু ম্যাচ ফিও পাবে। তাতে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে।’
তবে আকরাম খানের মতো মাহমুদও জানালেন, ‘চিন্তাভাবনা এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে। আগামী দু-এক দিনের মধ্যে বোঝা যাবে পরিকল্পনা কতটুকু সফল হবে।’