বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১২ সালে বিসিবির গঠনতন্ত্রে দুবার সংশোধনী আনা হয়। প্রথম সংশোধনীটি আনার পর বার্ষিক সাধারণ সভার অনুমোদন ছাড়াই গত ২৯ নভেম্বর গঠনতন্ত্রে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দ্বিতীয় সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল গত ডিসেম্বরে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে সংশোধিত গঠনতন্ত্রের ওপর স্থগিতাদেশও দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। বিসিবির পক্ষে আইনজীবী ছিলেন শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদী হাসান চৌধুরী। সংশোধিত গঠনতন্ত্রে তিন শ্রেণীতে ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান রাখা হয়েছে। সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার থাকবেন পাঁচজন, এনএসসি মনোনীত ১০ জন ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব মনোনীত একজন সাবেক ক্রিকেটার বিসিবির কাউন্সিলর হতে পারবেন।আইনজীবী হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের আনা ওই সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করেছেন আদালত। পর্যবেক্ষণে বলেছেন, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধনী আনতে পারে না। ফলে ২০১২ সালের সংশোধিত ওই গঠনতন্ত্র বাতিল ও অকার্যকর হয়ে গেছে। ২০০৮ সালের গঠনতন্ত্র অনুযায়ী এখন বিসিবি পরিচালিত হতে বাধা নেই।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে আজ সোমবার আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হবে। ক্রীড়া প্রতিবেদকের সংযোজন: বিসিবি সভাপতি নাজমুল হাসান দেশের বাইরে থাকায় হাইকোর্টের রায়ের ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। আর বিসিবির মুখপাত্র জালাল ইউনুস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘রায়ের কপি হাতে না পেলে এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না। তা ছাড়া বিষয়টা জাতীয় ক্রীড়া পরিষদের। তারা যদি এ ব্যাপারে মতামত চায়, তখন আমরা মতামত দেব।’ বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আগেই এই গঠনতন্ত্রের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। কাল তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, এই সংশোধনীতে গঠনতন্ত্রের নিয়মকানুন অনুসরণ করা হয়নি। বিসিবির এজিএমের বাইরে গিয়ে এনএসসি কিছু করতে পারে না। সে জন্য এটিকে অগণতান্ত্রিকও বলেছিলাম। আদালতের রায়ে প্রমাণিত হলো, আমার কথার ভিত্তি ছিল।’