বিসিবির সাহারা চুক্তি অনুমোদন
ক্রিকেটারদের জার্সিতে সাহারার লোগো লেগে গেছে আগেই। তবে বাকি ছিল চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন। কাল বিসিবির সভায় সেটাও হয়ে গেছে। ভারতের সাহারা ইন্ডিয়া পরিবারের সহযোগী প্রতিষ্ঠান অ্যাম্বি ভ্যালি (মরিশাস) লিমিটেডের সঙ্গে স্পনসরশিপ চুক্তি অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।চলতি বছরের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর স্পনসরশিপ বাবদ অ্যাম্বি ভ্যালির কাছ থেকে বিসিবি পাবে মোট এক কোটি আট লাখ ৫৬ হাজার মার্কিন ডলার। চার বছরের জন্য বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, মহিলা দল, একাডেমি দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পনসর হয়েছে সাহারা। বোর্ড সূত্রে জানা গেছে, অনুমোদনের আগে এসব চুক্তির দুটি দিক সামান্য এদিক-সেদিক করা হয়েছে। সাহারার দেওয়া খসড়া চুক্তিপত্র অনুযায়ী মেয়াদের আগে চুক্তি বাতিল করার সুযোগ ছিল শুধু সাহারারই। চূড়ান্তভাবে অনুমোদিত চুক্তিপত্রে এই অধিকার রাখা হয়েছে বিসিবির জন্যও। এ ছাড়া সাহারা চেয়েছিল চুক্তিসংক্রান্ত কোনো বিষয়ে আদালতে যেতে হলে সেটা যেন ভারতে হয়। বিসিবি চেয়েছিল তা হোক বাংলাদেশে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, আইনগত বিষয়ে আশ্রয় নেওয়া হবে সিঙ্গাপুরের আদালতের।স্পনসর চুক্তি ছাড়াও সাহারার সঙ্গে জাতীয় একাডেমি, খেলোয়াড়দের পোশাক, ঢাকা ও চট্টগ্রামের ইলেকট্রনিক স্কোরবোর্ড, ম্যানুয়াল স্কোরবোর্ড, প্যাভিলিয়ন ব্র্যান্ডিং ও হুভার কাভার ব্র্যান্ডিংয়ের জন্য চার বছরের চুক্তি হবে বিসিবির। এ ছাড়া টাইটেল ও ইনস্টেডিয়া স্পনসরশিপ চুক্তি হবে দুই বছরের জন্য।পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলায়েন মুশতাককে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চুক্তির মেয়াদ আপাতত তিন মাস। শুধু জাতীয় দল নয়, প্রয়োজনে বিসিবির অধীনে যেকোনো দলের স্পিনারদের সঙ্গে কাজ করবেন সাকলায়েন, এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের সাবেক এই স্পিন পরামর্শক কবে থেকে কাজ শুরু করবেন, সেটি অবশ্য এখনো চূড়ান্ত নয়। ‘কখন এলে আমাদের ক্রিকেট তার সত্যিকারের সার্ভিসটা নিতে পারবে, সেসব ভেবেই কার্যকাল ঠিক করা হবে’—বলেছেন গাজী আশরাফ। তবে সূত্র জানিয়েছে, আগামী মাসে বিসিবি একাদশের ত্রিনিদাদ সফরের আগেই হয়তো কাজে যোগ দেবেন সাকলায়েন।শ্রীলঙ্কার ওশাদি বিরাসিঙ্গেকে ছয় মাসের জন্য মহিলা দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অনুমোদিত হয়েছে একাডেমির কোচ হিসেবে দুই বছরের জন্য রিচার্ড ম্যাকিন্সের নিয়োগও। বিসিবির চাকরিতে এ মাসেই যোগ দেওয়ার কথা এই অস্ট্রেলিয়ানের।সভায় বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে শেফ দ্য মিশন করে অনুমোদিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিম ম্যানেজমেন্ট। অনুমোদন করা হয়েছে ফতুল্লা স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠের উন্নয়নকাজের জন্য প্রায় ১১ কোটি টাকার বাজেট এবং ৯ জুলাই অনুষ্ঠিত আইসিসি ট্রফি জয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানের খরচ। এ অনুষ্ঠানের জন্য খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।