বিসিবির সিদ্ধান্তে খেলোয়াড়দের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদূর নিউজিল্যান্ডে বসে খবরটা শুনেছেন তামিম ইকবাল—বাংলাদেশ দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না। এই খবরে মিশ্র প্রতিক্রিয়া তামিমের—নিরাপত্তার দিকটি দেখলে বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আবার অতীত অভিজ্ঞতা থেকে যখন তাঁর মনে পড়ছে পাকিস্তানের আতিথেয়তা আর আন্তরিকতার কথা, একটু খারাপও লাগছে এই বাঁহাতি ওপেনারের।‘নিরাপত্তা সব সময়ই একটা স্পর্শকাতর ব্যাপার। আমরা যে দেশেই যাই, আগে দেখা হয় নিরাপত্তার দিকটা। বিদেশ সফরে গেলে পাকিস্তানও সেটি দেখে। তবে পাকিস্তানের মানুষ আন্তরিক। আবার সে দেশে যাওয়ার সুযোগ এলে আমার ভালোই লাগবে’—কাল মুঠোফোনে বলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে যাওয়া জাতীয় দলের ওপেনার।শুধু তামিম নন, বাংলাদেশ দলের পাকিস্তান সফর বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জাতীয় দলের সব ক্রিকেটারই। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো বিসিবিকে ধন্যবাদই দিলেন, ‘সফরের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয়নি। ক্রিকেট বোর্ডের কাছে তাই আমরা কৃতজ্ঞ।’ মাশরাফির বিশ্বাস ছিল, বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া বিসিবির পক্ষে সহজ ছিল না, তা বোঝেন মাশরাফি, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য সার্বিকভাবে সিদ্ধান্তটা ভালো না খারাপ হলো সেটি বিসিবিই ভালো বলতে পারবে। তবে এটা খুব চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত ছিল।’পাকিস্তান সফরের ব্যাপারে মতামত জানতে কদিন আগে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন। খেলোয়াড়দের কেউ অবশ্য সরাসরি কোনো মতামত দেননি। বিসিবির কোর্টে বল ঠেলে দিয়ে ক্রিকেটাররা বলেছিলেন, বিসিবি নিরাপদ মনে করলে তাঁরা যেতে প্রস্তুত। তবে মাশরাফি মনে করেন, বিসিবি পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়ে যেতেন ক্রিকেটাররা, ‘বোর্ড পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিলে আমাদের কিছু করার ছিল না। কিন্তু খেলতে গেলেও তখন খেলার বাইরের চিন্তাই মাথায় বেশি ঘুরত।’পরিবার-বন্ধুবান্ধবদের কেউ বলছিল, পাকিস্তানে যাওয়া হবে চরম ঝুঁকিপূর্ণ। কারও মত ছিল, মাত্র তিন-চার দিনের সফর। গেলে কিই-বা হবে! নাসির হোসেন পড়ে গিয়েছিলেন সংশয়ে, ‘এই সফর নিয়ে অনেক রকম চিন্তা কাজ করেছে মনে। সত্যি বলতে, আমি যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, ভালোই হয়েছে বলব।’সারা দিন অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলেন। জাতীয় দলের নতুন মুখ এনামুল হক (বিজয়) তাই কাল সন্ধ্যা পর্যন্তও জানতেন না ব্যাপারটা। শুনে স্বস্তিই পাওয়ার কথা। সফর নিয়ে দুরু দুরু ভয় ছিল তাঁরও, ‘বোর্ড বললে অবশ্যই যেতাম পাকিস্তানে। তবে সবাই বলে, পাকিস্তানে নিরাপত্তার খুব সমস্যা। তাই একটু ভয়ও করছিল।’আরেক নতুন সোহাগ গাজীও অস্বস্তিতে ছিলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডায় প্রায়ই বলাবলি করতাম, পাকিস্তানে গেলে যদি আমাদের বোমা মেরে উড়িয়ে দেয়, তাহলে কী হবে। তবে সবাই গেলে নিশ্চয়ই আমিও যেতাম। তখন পুরো নিরাপত্তা দিয়েই হয়তো আমাদের নেওয়া হতো। বিসিবি যেহেতু সফর বাতিল করেছে, যাওয়াটা মনে হয় ঝুঁকিপূর্ণ হতো।’