বিসিবির ‘অ্যাবাউট টার্ন’, পিসিবির হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই পাকিস্তান ঘুরে এসেছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সেখানে পিসিবির আতিথ্যের জবাব দিতেই কি না বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে শুনিয়েছিলেন আশার বাণী। তাঁর কথাবার্তায় ধারণা হওয়া খুব অস্বাভাবিক নয় যে বাংলাদেশের পাকিস্তান সফর একপ্রকার সময়েরই ব্যাপার। পিসিবিও খুব সম্ভবত সেটাই ধরে বসে আছে।কিন্তু পাকিস্তান সফর যে এখনো কোনো দলের জন্য নিরাপদ নয়, সেটা মুস্তফা কামাল খুব সম্ভবত বুঝতে পেরেছেন এই সফরের ব্যাপারে আইসিসি ও ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার মনোভাব জানতে পেরে। দুই দিন আগেই ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেই দেখা গেছে পাকিস্তানে গিয়ে করা নিজের মন্তব্যগুলো থেকে অনেকটাই সরে এসেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, আইসিসি ও বাংলাদেশ সরকারের ছাড়পত্র পাওয়ার ওপরই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। মুস্তফা কামালের ‘অ্যাবাউট টার্নে’ নাকি বেশ হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও পিসিবির একটি ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পিসিবি সভাপতি জাকা আশরাফ ও প্রধান নির্বাহ সুবহান আহমেদ নাকি বিসিবি সভাপতির ঢাকায় করা সংবাদ সম্মেলনের পর থেকেই বেশ হতাশ ও ক্ষুব্ধ।নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে অন্য কোনো দেশ থেকে ম্যাচ অফিসিয়ালরা আসবেন না, এমন একটি শঙ্কায় পাকিস্তানের পক্ষ থেকে শুধু পাকিস্তানি আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল দিয়ে সিরিজের খেলাগুলো পরিচালনার কথাও উঠেছিল। কিন্তু ঢাকার সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইসিসি যদি ম্যাচ অফিসিয়াল ও আম্পায়ার না পাঠায়, তাহলে বাংলাদেশ পাকিস্তান সফর করবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির এই মনোভাবকে ‘দ্বিমুখিতা’ হিসেবেই মনে করছে বলে জানা গেছে। নাম না প্রকাশ করার শর্তে পিসিবির এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নেতৃত্বে যে দলটি পাকিস্তানে এসেছিল, তারা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়েই ফিরেছে। বাংলাদেশ দলের জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে আমরা তাদের জানিয়েছি। তারা কিছু পরামর্শও দিয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি। কিন্তু ঢাকায় বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনের পর মনে হচ্ছে, পরিস্থিতি এখন পুরোপুরিই পরিবর্তিত।’ তিনি বলেন, ‘পুরো ব্যাপারটিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে দারুণ হতাশার।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিবাচক মনোভাব দেখাক, আমাদের প্রত্যাশা এটাই।’ পিসিবির অপর এক কর্মকর্তা বলেন, বিসিবি সভাপতি মুস্তফা কামাল পাকিস্তানে এসে বলেছিলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠান দেখতে চায়। এ ব্যাপারে বাংলাদেশ সব সমর্থন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি থাকবে। কিন্তু দেশে ফিরেই তিনিই কঠিন কঠিন সব শর্ত জুড়ে দিচ্ছেন। যা খুবই দুঃখজনক।’