বিসিসিআই ও আইসিসিকে পোলকের এক হাত
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি গ্রায়েম পোলক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন। তাঁর এই সমালোচনার কারণ আবারও ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) বিপক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান নেওয়া। আর এই ব্যাপারটিই দারুণ ক্ষুব্ধ করে তুলেছে বিশ শতকের সেরা এই প্রোটিয়া ক্রিকেটারকে।বিসিসিআইয়ের পাশাপাশি পোলক সমালোচনায় ভাসিয়েছেন খোদ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকেও। তিনি বলেছেন, ডিআরএসের বাধ্যতামূলক প্রয়োগে আইসিসি যথেষ্ট উদ্যোগী নয়।ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রমাগত কেন ডিআরএসের বিরোধিতা করে আসছে, তার একটা ব্যাখ্যাও দিয়েছেন পোলক। তাঁর মতে, ডিআরএস ভারতীয় ব্যাটসম্যানদের জন্য ‘যথাযথ নয়’ দেখেই বিসিসিআই এর বিরোধিতা করে আসছে।‘আমি বুঝতে পারছি না, ডিআরএসের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন একতরফা বিরোধিতা করে আসছে। আমার মতে, ডিআরএস সব সময়ই ভালো ব্যাটসম্যানদের সুরক্ষা দেবে।’ পোলকের মন্তব্য।ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম থেকেই আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষেত্রে এই পুনর্বিবেচনার পদ্ধতিটির ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে আসছে। গত সপ্তাহে কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক সভায় আন্তর্জাতিক ক্রিকেটে বাধ্যতামূলকভাবে ডিআরএস পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্তটিতে ভেটো দেয় বিসিসিআই। তাদের ভেটোর কারণে সিদ্ধান্তটি সভায় গৃহীত হয়নি। ডিআরএস পদ্ধতি প্রয়োগের জন্য টেলিভিশন সম্প্রচারকদের ইনফ্রারেড ক্যামেরা, অত্যাধুনিক মাইক্রোফোনসহ কিছু দামি যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। এতে প্রতিদিনের জন্য বাড়তি খরচও গুনতে হবে আয়োজকদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে, এত ব্যয়বহুল এই পদ্ধতি প্রয়োগ করে যে পুরোপুরি সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে, তারও নিশ্চয়তা নেই।গ্রায়েম পোলক মনে করেন, ডিআরএস কখনোই ভারতের শীর্ষ ছয় ব্যাটসম্যানের খেলার স্টাইলের সঙ্গে যায় না। ডিআরএস বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা হলে অনেক ব্যাটসম্যানই তাঁর খেলার কৌশল পাল্টাতে বাধ্য হবেন। তবে এটা ঠিক যে ডিআরএস সব সময়ই ভালো ব্যাটসম্যানের হয়ে কথা বলবে।এদিকে, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস কিছুদিন আগে বলেছিলেন, তিনিসহ ৯৯ শতাংশ ক্রিকেটার পুরোপুরি এই পদ্ধতিটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত নন।তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জ্যাকুয়েস ফাউল বলেছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ডিআরএস পদ্ধতি বাধ্যতামূলক করারই পক্ষে।ব্যাপারটি ব্যয়বহুল বলে ডিআরএসের ব্যাপারে যে আপত্তি, সেটারও একটা সমাধান পোলক দিয়েছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে সমস্যাটি আইসিসিকেই সমাধান করতে হবে। আইসিসিকেই প্রযুক্তিগত ও অর্থনৈতিক উদ্যোগ নিতে হবে। কিন্তু তা না করে আইসিসি দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের পরিচয় দেয়নি।