বিসিসিআইর কোষাগারে ২৬০০ কোটি রুপি
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। কিন্তু ঠিক কত টাকা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাগারে? আয়-ব্যয় নিয়ে বিসিসিআই এতটাই গোপনীয়তা রক্ষা করে চলে যে অঙ্কটা খোদ ভারত সরকারই জানত না। তবে দেশটির ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন সম্প্রতি সম্পদের হিসাব দিতে বিসিসিআইকে যে রকম চাপ দিচ্ছেন, হয়তো বেশি দিন গোপন রাখা যাবে না অঙ্কটা।ভারতের মেইল টুডে এর মধ্যে সেটা ‘ফাঁস’ও করে দিয়েছে। বিসিসিআইর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, সর্বশেষ ব্যালান্সশিট অনুযায়ী ভারতীয় বোর্ড ২৬০০ কোটি রুপির মালিক। ২০০৯-১০ অর্থবছর শেষে অঙ্কটা ছিল প্রায় দুই হাজার ৪০০ কোটি রুপি। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ২০১০-১১ অর্থবছরে বোর্ডের আয় হয়েছে প্রায় ৯৪০ কোটি রুপি, ব্যয় ৭০২ কোটির কিছু বেশি। আয়ের মধ্যে ৪০৬ কোটি রুপিই এসেছে মিডিয়া স্বত্ব বিক্রি থেকে। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বরের বার্ষিক সভায় আয়-ব্যয়ের এই হিসাব জানাবে বোর্ড। ওয়েবসাইট।