বিসিসিআইর নীরবতা খতিয়ে দেখবে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তোলপাড় হয়ে গেছে ক্রিকেট দুনিয়ায়। তবে তারও আগে বাজিকরদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার বিরুদ্ধে। গত জুলাইয়ে ভারতের শ্রীলঙ্কা সফরের সময় এ অভিযোগ ওঠার পরও ভারতীয় ক্রিকেট বোর্ডের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি। ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার সিদ্ধান্তও নিয়েছে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ)।জুলাইয়ে ভারতের শ্রীলঙ্কা সফরের সময় সুরেশ রায়নাকে বাজিকরের সহকারী এক নারীর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাত্ করতে দেখা গেছে বলে দাবি করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজসহ এ-সংক্রান্ত একটি প্রতিবেদনও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জমা দিয়েছিল তারা। কিন্তু বিসিসিআই সেক্রেটারি এন শ্রীনিভাসন এ প্রতিবেদনের ভিত্তিতে কোনো ব্যবস্থা তো নেনইনি বরং শ্রীলঙ্কাকে ওই প্রতিবেদন প্রত্যাহার করতে বলেছিলেন বলে অভিযোগ উঠেছে। দ্য সানডে টাইমস পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআইর এ নীরবতার কারণ অনুসন্ধান করতে চায় আইসিসি। সেসঙ্গে এ প্রতিবেদন প্রথমে আইসিসিকে না জানিয়ে কেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছিল, তাও তদন্ত করে দেখা হবে।প্রশ্ন উঠতেই পারে যে ওই পুরোনো ঘটনা নিয়ে আবার হঠাত্ নতুন করে তোলপাড় শুরু হলো কেন? দ্য সানডে টাইমস পত্রিকার সংবাদ অনুসারে, সম্প্রতি আইপিএলে স্পট ফিক্সিং-সংক্রান্ত সমস্যা নিয়ে কথাবার্তা বলতে গিয়েই উঠে আসে রায়নার বিরুদ্ধে ওই অভিযোগের ব্যাপারটি। আইসিসি আইপিএলের প্রথম দুই আসর সেভাবে পর্যবেক্ষণ না করলেও তৃতীয় আসর থেকে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট এর সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট ছিল এবং আইপিএলের পরবর্তী আসরগুলোও তাদের পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন আইসিসি-প্রধান হারুন লরগাত।—টাইমস অব ইন্ডিয়া