বিসিসিআইয়ের নগ্ন হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোমটা যখন খুলেই গেছে, নিজেদের সত্যিকারের চেহারাটাই প্রকাশ্য হোক! নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া বিসিসিআই এখন এই পথই যেন বেছে নিয়েছে। হুমকি দিয়েছে, প্রস্তাবিত খসড়া আইসিসির সভায় পাস না হলে কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে না ভারত! ওয়েবসাইট।
বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র রাজত্ব করার তিন দেশের দুরভিসন্ধি ফাঁস হওয়ার পর কাল চেন্নাইয়ে জরুরি সভায় বসেছিল বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটি। গতকাল সকালেই মায়ের মৃত্যুর কারণে সভায় থাকতে পারেননি প্রস্তাবের অন্যতম নেপথ্য কারিগর বোর্ডপ্রধান এন শ্রীনিবাসন। সভাপতিত্ব করেছেন সহসভাপতি শিবলাল যাদব, প্রস্তাবের বিভিন্ন দিক সবাইকে বুঝিয়েছেন আইপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুন্দর রমণ। সভা শেষে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থের খাতিরে প্রস্তাবিত খসড়াকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কার্যনির্বাহী কমিটি।’
আইসিসির প্রতি প্রচ্ছন্ন হুমকিটাও আছে বিবৃতিতে, ‘প্রস্তাবিত খসড়া আইসিসি বোর্ডের অনুমোদন দেওয়া সাপেক্ষে আইসিসি ইভেন্টে ভারতের অংশগ্রহণ ও আয়োজন করা নিয়ে চুক্তি করতে বিসিসিআই কর্মকর্তাদের অনুমতি দিয়েছে কার্যনির্বাহী কমিটি।’
ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, প্রস্তাবিত পরিবর্তনগুলো ভারতের জন্য কেন জরুরি, সেটি সভায় সবাইকে ব্যাখ্যা করেছেন সুন্দর রমণ। বোঝানো হয়েছে, প্রস্তাব পাস হলে আইসিসির আয়ের একটা বড় অংশ পাবে ভারত। এফটিপির বাধ্যবাধকতা না থাকায় নিজেদের ইচ্ছেমতো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবে। অন্তত প্রতি দুই বছরে একটি করে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে ভারত, বোর্ডের কোষাগার এতে আরও ফুলেফেঁপে উঠবে। ইচ্ছেমতো টেস্ট খেলা যাবে বলে ভারতের যেসব স্টেডিয়ামে টেস্ট হয় না, সেখানেও টেস্ট আয়োজন করা যাবে। এসব শুনে খুশিমনেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। খুশি হওয়ারই কথা!