বিসিসিআইয়ের ফাঁদে বিসিবি!

এক নিজেদের দেশে সিরিজ খেলতে নেওয়া ছাড়া বিসিবির পিঠে বিসিসিআইর ‘স্নেহের’ হাত অন্য সব ব্যাপারেই থাকে। যেমন ছিল সর্বশেষ এসিসি, আইসিসির সভায়ও। বাংলাদেশ থেকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার ব্যাপারে যত কথাই উঠুক না কেন, বিসিসিআইয়ের কণ্ঠে ‘বাংলাদেশ’ নামটিই শুধু ধ্বনিত হয়েছে। বাংলাদেশ থেকে যে শেষ পর্যন্ত কিছুই যাচ্ছে না, ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ভারতের সমর্থন তার বড় একটা কারণ বলে বিসিবি-সংশ্লিষ্টরাও স্বীকার করেন।
কিছু পেলে কিছু দেওয়াই নিয়ম। তবে নিয়মের ফেরে পড়ে বিসিসিআইকে বোধ হয় এবার একটু বেশিই দিয়ে দিচ্ছে বিসিবি। এফটিপির ধরন বদলে দিতে আইসিসির অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটির প্রস্তাব অনুমোদন হলে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবির সঙ্গে লাভবান হবে বিসিসিআইও। আর ক্ষতিগ্রস্তদের তালিকায় বাংলাদেশের নামটা থাকবে ওপরের দিকেই। সেটা বুঝেও এই মুহূর্তে প্রস্তাবের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই বিসিবির এবং যত দূর জানা গেছে, তারা তা যাচ্ছেও না। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—স্পর্শকাতর সময়েও এই সিরিজ ও টুর্নামেন্টগুলো বাংলাদেশে হওয়ার নিশ্চয়তা পাওয়াতে বিসিসিআইর সমর্থনই ছিল বড় প্রভাবক। তার বিনিময়ে নতুন পদ্ধতির এফটিপির প্রস্তাবে বাংলাদেশের সমর্থন বিসিসিআইর ‘ঋণ’ আর কতটুকুই বা শোধ করবে!
৯ জানুয়ারি আইসিসির পরিচালকদের সভায় সব সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন প্রস্তাবপত্র। আইসিসি চাইছে আগামী এপ্রিলের মধ্যে প্রস্তাব অনুমোদনের কাজটি সেরে ফেলতে। অথচ বিসিবি এই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে অবস্থান নেবে, সেটিই এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে জানতে কাল বিসিবির সভাপতি নাজমুল হাসানকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। আর ফোন ধরলেও সরাসরি কোনো মন্তব্য করেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ‘প্রস্তাবটি ভালো না খারাপ সেটি বুঝতে হলে এ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। বোর্ড সভাপতি এখনো বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলাপ করেননি’—বলেছেন জালাল ইউনুস। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর বক্তব্য, ‘বিষয়টা মূল্যায়ন করার পরই এ নিয়ে মন্তব্য করতে পারব।’
কেউ আনুষ্ঠানিক কিছু না বললেও জানা গেছে, প্রস্তাবের বিপক্ষে যাওয়ার চিন্তাও করছে না বিসিবি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘এখানে বিসিবির করণীয় সীমিত। আমরা যদি ভেটো দিই, তার ফলাফল শুভ হবে না। ভারত সবকিছুতে আমাদের সাপোর্ট করে। বর্তমান পরিস্থিতিতে অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে যাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’ তাঁর মতে প্রস্তাবের বিপক্ষে না যাওয়ার আরেকটি কারণ, ‘বিসিবি বিপক্ষে গেলেই কি প্রস্তাবটি আর পাস হবে না? অন্য অনেক দেশই এটি মেনে নিয়েছে। খামোখা এর বিরুদ্ধে গিয়ে আমরা ভারতের বিরাগভাজন হব কেন? এখন সবার যা হবে আমাদেরও তাই হবে।’
তবে বিসিবিকে নাকি আশ্বস্ত করা হয়েছে, নতুন এফটিপি অনুমোদন হলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না তারা। ‘আর্থিকভাবে বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হবে না, এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন আমরা যে অর্থ উপার্জন করি, নতুন পদ্ধতিতে তার চেয়ে বেশি পাব’—জানিয়েছেন ওই কর্মকর্তা। নতুন এফটিপি পদ্ধতির পক্ষে আরেকটা যুক্তিও আছে তাঁর, ‘এটা হয়ে যাওয়া মানে এই নয় যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া বা ভারতের মতো বড় দলের সঙ্গে খেলতে পারবে না। বরং অন্য দলের বিপক্ষে ভালো পারফরম করলে বড় দলগুলো নিজেরাই আমাদের সঙ্গে খেলতে চাইবে। আইসিসি পুরো ব্যাপারটাকেই পারফরম্যান্সভিত্তিক করতে চাচ্ছে।’
বিষয়টা নিয়ে বোর্ড কর্মকর্তারাই যখন নাম প্রকাশে অনিচ্ছুক থাকছেন, খেলোয়াড়দের অবস্থাটা তো বোঝাই যায়। নাম প্রকাশ না করার শর্তেই জাতীয় দলের এক ক্রিকেটার প্রস্তাবিত নতুন চিন্তাভাবনার কথা শুনে আশাহত হলেন, ‘আমাদের খেলা এমনিতেই কম। তার ওপর যদি এসব হয়...এগুলো আমাদের জন্য কখনোই ভালো হবে না। বিষয়টা বোর্ডেরও বোঝা উচিত।’
বিসিবি বোঝে না, তা নয়। বুঝেও না বোঝার একটাই কারণ—পিঠ থেকে ‘বড় ভাই’য়ের স্নেহের হাত না আবার হারিয়ে যায়!