জোর যার মুল্লুকটা আসলেই তার। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী মাস থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার ‘আইপিএল’ এসএলপিএলে নিজ দেশের ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করেছে। এতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ থাকলেও তারা সেই পথে না গিয়ে বরং সমঝোতারই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডকে চটিয়ে দেওয়া যে কাজের কথা নয়, ব্যাপারটি শ্রীলঙ্কান ক্রিকেট কর্তৃপক্ষ খুব ভালো মতোই বুঝতে পেরেছে।আগামী মাস থেকে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এসএলপিএল মাঠে গড়াচ্ছে। সেই আসরে ভারতীয় তারকারা যদি না খেলেন, তাহলে তা জৌলুস হারাবে—এ কথা মেনেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দা আলুথাগামাগে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি ডি এস ডিসিলভা ও সচিব নিশান্থা রানাতুঙ্গাকে অতি সত্বর ভারতের গিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠক করে ব্যাপারটির সুরাহার নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেন, ‘আমাকে ও সভাপতিকে এসএলপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।’এদিকে শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী নির্দেশিত এ বৈঠকটি আজই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে একটি ক্রীড়া ওয়েবসাইট।নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি নিশ্চিত, আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্যাটির সমাধান বেরিয়ে আসবে।’তিনি এসএলপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিতাড়িত এককালের আইপিএল কমিশনার লোলিত মোদির যেকোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। ওয়েবসাইট।