
অস্ট্রেলিয়ার মেয়েদের দলটা সিলেটে চলে যাওয়ার আগে জর্জ বেইলির দলের সঙ্গে দেখা হয়েছে কি না কে জানে! যদি না হয়ে থাকে তাহলে বেইলি নিজেই আগ্রহ নিয়ে গিয়ে দেখা করে আসতে পারতেন।
অ্যালেক্স ব্ল্যাকওয়েল, জেস ক্যামেরন কিংবা অ্যালিসা হিলিদের কাছে জেনে নিতে পারতেন টি- টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গোপন মন্ত্রটা। গত দুই আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া নারী দলের আরও কয়েকজন আছেন এবারের দলেও। বেইলি-ওয়ার্নার কিংবা ওয়াটসনদের তাঁরা কিছু পরামর্শ দিতেই পারেন। টেস্টের রাজত্ব আর ওয়ানডেতে চারবার বিশ্বজয় করা অস্ট্রেলিয়ার ছেলেরা যে টি-টোয়েন্টির বিশ্ব শিরোপাটা ছুঁয়ে দেখতে পারেনি এখনো!

মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার সেই অধরা শিরোপার মিশন। বারুদে ঠাসা ব্যাটিং লাইনআপ আর সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টির সবগুলোতে জয় অস্ট্রেলিয়ার। সুতরাং তাদের ফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই কারও। তবে সেই জয়ের সবগুলোই ভিন্ন কন্ডিশনে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়া এখানে ওই ফর্মটা বয়ে আনতে পারে কি না সেই প্রশ্ন তাই উঠতেই পারে। উত্তর তো সাজানো নিউজিল্যান্ডের সঙ্গে তাদের প্রস্তুতি ম্যাচটিতে। ৩ রানে জেতা ওই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০০ রান তুলেছিল অস্ট্রেলিয়া, যার ১১৩ রান এসেছে ওয়ার্নার-ফিঞ্চের উদ্বোধনী জুটিতে। অচেনা কন্ডিশনটা যে কিছুদিনের মধ্যেই চেনা-জানা হয়ে গেছে, অধিনায়ক বেইলিই তো দিলেন সেই ইঙ্গিত, ‘টি-টোয়েন্টি যেখানেই হোক না কেন, স্পিন বোলিং বড় ভূমিকা রাখে। আর এখানকার এই কন্ডিশনে তো এটা ম্যাচ জয়ের মন্ত্রই হতে পারে। আমরা জানি, এখানে প্রচুর স্পিন সামলাতে হবে আমাদের।’
ওই স্পিন বৈচিত্র্যের কথা ভাবলে পাকিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষ আর কে হতে পারে! ভারতের কাছে প্রথম ম্যাচটা হেরে গেলেও আজমল-হাফিজরা ওই দিনও সমীহ জাগানো বোলিং করেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ধারটা আরও বাড়িয়ে মাঠে নামা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের কোচ মঈন খান। তবে বেইলি মুখোমুখি হতে প্রস্তুত, ‘খুব ভালো তিনজন স্পিনার আছে তাদের। কিন্তু আমাদের ব্যাটিংও বেশ শক্তিশালী এবং আমরা জানি কীভাবে স্পিন খেলতে হয়।’
অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটিং জিতবে, নাকি পাকিস্তানের বৈচিত্র্যময় স্পিন?
অস্ট্রেলিয়া-পাকিস্তান
মোট অস্ট্রেলিয়া পাকিস্তান টাই
মোট ১১ ৪ ৬ ১
বিশ্বকাপে ৪ ২ ২ ০