বিস্ময়ে, মুগ্ধতায় ট্রফি-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই ফেডারেশন কাপ জিতেছে শেখ জামাল ধানমন্ডি। কাল খেলোয়াড়, কোচ কর্মকর্তারা একসঙ্গে দেখতে গেলেন বিশ্বকাপ ট্রফি। মুগ্ধতা ছুঁয়ে গেল তাঁদের। ট্রফি-দর্শন শেষে সবাই দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে। কাল রাজধানীর এক হোটেলে  প্রথম আলো
মাত্রই ফেডারেশন কাপ জিতেছে শেখ জামাল ধানমন্ডি। কাল খেলোয়াড়, কোচ কর্মকর্তারা একসঙ্গে দেখতে গেলেন বিশ্বকাপ ট্রফি। মুগ্ধতা ছুঁয়ে গেল তাঁদের। ট্রফি-দর্শন শেষে সবাই দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে। কাল রাজধানীর এক হোটেলে প্রথম আলো

প্রদর্শনী শুরু সকাল নয়টায়। তার আগেই র‌্যাডিসন হোটেলের সামনে জটলা। জটলা পরে রূপ নিয়েছে লম্বা লাইনে। সময় যতই গড়িয়েছে, সুশৃঙ্খল লাইনের পরিধি বেড়েছে আরও। সন্ধ্যা পেরিয়ে গেলেও আগ্রহী দর্শকের ভিড় কমেনি। রেপ্লিকা নয়, বিশ্বকাপের আসল ট্রফি দেখার সুযোগ তো হেলায় হারানো যায় না!

বিশ্বকাপের ট্রফি চর্মচক্ষে দেখে চোখেমুখে খুশির ঝিলিক সবার। মুগ্ধতার রেশ যেন কাটতে চাইছিল না। বিশেষ বিমানে পরশু দুপুরে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের সোনার ট্রফি। নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে ভেন্যু বদল হয়ে প্রদর্শনী চলছে র‌্যাডিসনে। চলবে আজ দুপুর পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতায় হাঁপিয়ে ওঠা নাগরিক জীবনে যেন এক টুকরো উৎসবের আমেজ বিশ্বকাপের ট্রফি। হোটেলে ঢোকার মুখে দাঁড়িয়ে ব্রাজিল বিশ্বকাপের মাসকট ‘ফুলেকো’! তবে ওটা ব্রাজিল থেকে আসেনি। ‘ফুলেকো’ সেজে দর্শকদের বিনোদন দিচ্ছিলেন এক যুবক। মাথায় বল রেখে মনোরঞ্জনে ব্যস্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা আবদুল হালিম। গায়ে বাঘের উল্কি এঁকে ক্রিকেট দলকে উৎসাহ দেওয়া ফাহিমুল হকও ছিলেন জাতীয় পতাকার রঙে শরীর রাঙিয়ে।

কারও হাতে ক্যামেরা। কেউ মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত ডিজিটাল ব্যানারে আঁকা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা সবার মধ্যে। হোটেলের বলরুমে রাখা বিশ্বকাপের পাশে ছবি তোলার পর স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে দর্শককে দেওয়া হচ্ছে সেই ছবির প্রিন্ট।

মহামূল্য ট্রফির নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন আয়োজকেরা। পরশু রাতে এটি রাখা হয় হোটেলের দোতলার একটি কক্ষে। সেখানে বিশেষ বাক্সে তালাবদ্ধ অবস্থায় ছিল বিশ্বকাপ। নিরাপত্তার দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, ‘যেহেতু হোটেলটি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে পড়ে তাই প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিশ্বকাপ ট্রফি পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে ফিফার নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সব সময়ই সতর্ক বিশ্বকাপ রাখা কক্ষের আশপাশে।’

একনজর বিশ্বকাপ ট্রফি দেখতে সাধারণ দর্শকদের পাশাপাশি বিচ্ছিন্নভাবে এসেছিলেন জাতীয় ফুটবলাররা। শেখ জামাল ধানমন্ডির খেলোয়াড় ও কর্মকর্তারা ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন। আবাহনী থেকে এসেছিলেন প্রাণতোষ, মিশু ও সোহেল। বাকিরা আসতে পারেন আজ।

ফিফার অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলা নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখাতে পারছে না প্রদর্শনী। কাটছাঁট করতে হয়েছে অনেক আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধুতে মাঠের মধ্যে একটি কক্ষই তৈরি করা হয়েছিল। সেখানে বিশ্বকাপের ইতিহাস, বিশ্বকাপজয়ী বিভিন্ন দেশের স্মরণীয় ও ঐতিহাসিক ছবি, দুর্লভ প্রামাণ্যচিত্র দেখানোর কথা ছিল। বিশ্বকাপের থিম সংয়ের সুরে বাংলায় গাওয়ার কথা ছিল গান। কোনোটাই হয়নি। তার পরও খুশির কমতি নেই কারোর।

অবরোধে অবরুদ্ধ থাকেননি দর্শকেরা। ব্রাজিলের জার্সি গায়ে বনানী থেকে এসেছেন জুবিন। গালে বাংলাদেশের পতাকা আঁকা। আর্জেন্টিনার ভক্ত তৌহিদুল এসেছেন বাসাবো থেকে। ট্রফির সঙ্গে তোলা ছবিটা দেখিয়ে বললেন, ‘এটা আমার জীবনের সেরা সম্পদ।’ ফার্মগেট থেকে সপরিবারে আসেন নয়ন রোজারিও। স্ত্রী কণা রোজারিওর কোলে চার মাসের ছেলে ঐক্য। অবরোধের কারণে যানবাহন পাচ্ছিলেন না। টিকিটে লেখা সময়টা পেরিয়ে যাওয়ায় ঢুকতে বাধা দেন স্বেচ্ছাসেবীরা। অনেক অনুনয়ের পর ট্রফি দেখার অনুমতি মেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিদারুল আলম এসেছেন বসুন্ধরা থেকে। তবে হোটেলে ট্রফি দেখে খুশি নন তিনি, ‘ফুটবল খেলা আর বিশ্বকাপের ট্রফি মাঠেই মানায়। পাশের আর্মি স্টেডিয়ামে রাখলেও ভালো হতো।’ সৌদিপ্রবাসী মহিবউদ্দিন নিজেকে মনে করছেন ভাগ্যবান, ‘চার মাস আগে দেশে এসেছি। অনেক কষ্টে টিকিট জোগাড় করে বিশ্বকাপের ট্রফি দেখলাম। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’