বিস্মিত অন্য দুই নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকরাম খানের পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন দুজনই। একই সঙ্গে তাঁরা বিস্মিতও। আগের রাতে বিসিবি সভাপতিকে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্ত হলো। তাহলে কেন ঘুম থেকে উঠে পত্রিকায় পড়বেন, ‘পদত্যাগ করছেন আকরাম খান’?বিস্ময়টা সীমা ছাড়িয়ে গেল যখন পত্রিকার খবরকে সত্যি প্রমাণ করে কাল সকালে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়ে ‘সাবেক প্রধান নির্বাচক’ হয়ে গেলেন আকরাম খান। কিছুক্ষণ পর নির্বাচকদের কক্ষে আকরামের পাশে বসেই নিজেদের বিস্ময়ের কথা জানালেন নির্বাচক কমিটির অন্য দুই সদস্য মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।আকরামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হাবিবুল বলেছেন, ‘আমি, নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) দুজনই এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত।্রসাত মাস একসঙ্গে কাজ করেছি এবং সৎভাবেই কাজ করার চেষ্টা করেছি। আমাদের জন্য সিদ্ধান্তটা ধাক্কা খাওয়ার মতো। বলতে পারেন চিন্তা করার শক্তিই কমে গেছে।’ মিনহাজুলেরও প্রায় একই কথা, ‘আমরা আসলেই বিস্মিত। সকালে একটা পত্রিকায় দেখলাম আকরাম পদত্যাগ করছে। এ মুহূর্তে কোনো মন্তব্য করা কঠিন। আমরা হয়তো আলাপ করে একটা সিদ্ধান্ত নেব।’বিস্ময়ের কারণটা জানিয়েছেন হাবিবুল, ‘আকরাম ভাই কাল (পরশু) রাতে একটু আভাস দিয়েছিলেন। তবে আমাদের সিদ্ধান্ত ছিল আজ (গতকাল) সকালে আমরা এটা নিয়ে আলোচনা করব।’ জানা গেছে, পরশু রাতে তিন নির্বাচক মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ১০ মার্চ দেশে ফিরলে তাঁকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হবে। বলা হবে, ভবিষ্যতে আর কখনো নির্বাচকদের দলে হস্তক্ষেপ করলে একযোগে সরে দাঁড়াবেন তিন নির্বাচক।সেই অপেক্ষা না করে কাল একাই পদত্যাগপত্র জমা দিয়েছেন আকরাম। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও সংবাদমাধ্যমের কাছে বোর্ড সভাপতির বিরুদ্ধে দল নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। হাবিবুল-মিনহাজুল কেউই এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। হাবিবুল শুধু বলেছেন, ‘এ নিয়ে মন্তব্য করা কঠিন। তবে উনি (আকরাম খান) দায়িত্ববান লোক, যে মন্তব্যই করেছেন দায়িত্ব নিয়ে করেছেন।’ আকরামের পথ ধরে তাঁরাও সরে যাবেন কি না, দুই নির্বাচক এড়িয়ে যেতে চেয়েছেন সে প্রসঙ্গ। যদিও মিনহাজুল বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করব। কিছু দাবি আমাদেরও আছে। সেসব দাবি পূরণ হলেই আমরা কাজ করব।’গুঞ্জন আছে, আকরামের জায়গায় মিনহাজুল আবেদীনই হতে যাচ্ছেন পরবর্তী প্রধান নির্বাচক। তবে এ ব্যাপারেও কাল কোনো মন্তব্য করতে রাজি হননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘এখনই কিছু বলতে পারব না। এ মুহূর্তে এগুলো নিয়ে চিন্তা করছি না। আগে এই ধাক্কাটা কাটিয়ে উঠি।’