বিস্মিত করেই যাচ্ছেন টেন্ডুলকার
টি-টোয়েন্টি তরুণদের খেলা! ধুন্ধুমার ক্রিকেট সম্পর্কে যাঁরা এই তত্ত্ব দাঁড় করিয়েছেন শচীন টেন্ডুলকারের দিকে তাকিয়ে তাঁরা হয়তো লজ্জাই পাবেন। আইপিএলের তৃতীয় আসরে গতকালের ম্যাচের আগ পর্যন্ত ৫১২ রান নিয়ে সর্বোচ্চ স্কোরার টেন্ডুলকারের বয়স ৩৬ বছর ৩৫৩ দিন!এই বয়সেও টেন্ডুলকার যেন কুড়ি বছরের তরুণ! বিধ্বংসী ব্যাটিংয়ের প্রতিমূর্তি। যে রূপ তিনি সর্বশেষ দেখালেন পরশু জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০টি চার ও ২টি ছয়ে ৫৯ বলে খেললেন হার না মানা ৮৯ রানের ইনিংস। ৪৫ রানে অবশ্য একবার ‘জীবন’ পেয়েছেন, সিদ্ধার্থ ত্রিবেদীকে পুল করতে গিয়ে ক্যাচ উঠেছিল, ফাইন লেগে তা ফেলে দেন আদিত্য দোল। সবারই যা জানা ছিল, ম্যাচ শেষে সেটিই বললেন রাজস্থান রয়্যালস অধিনায়ক শেন ওয়ার্ন—এটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। টেন্ডুলকারের উদ্ভাসিত ব্যাটিংই এবার আইপিএলে সবার আগে সেমিফাইনালে তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে।টেন্ডুলকারের রান পাওয়া মানেই মুম্বাই ইন্ডিয়ানসের জয়। আইপিএলের তৃতীয় আসরে ব্যাপারটা যেন এমনই হয়ে গেছে। চলতি টুর্নামেন্টে পাঁচটি ফিফটি করেছেন টেন্ডুলকার, ৫টি ম্যাচেই জিতেছে মুম্বাই। তবে তাঁর পরশুর ইনিংসটির মাহাত্ম্য অন্যরকম। আইপিএলের প্রথম আসরে এই সাওয়াই মান সিং স্টেডিয়ামেই ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠা হয়নি মুম্বাইয়ের। সেখানেই টেন্ডুলকার এবারের আসরে নিজের সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলে দলকে প্রথমবারের মতো তুলে দিলেন শেষ চারে।শেষ পর্যন্ত ৩৭ রানের সহজ জয়। অথচ ১৬ ওভার শেষে মুম্বাইয়ের রান ছিল ১১৫। সেখান থেকে ২০ ওভার শেষে ১৭৪ হয়েছে টেন্ডুলকারের বিগ হিটিংয়ের সৌজন্যেই। শেষ চার ওভারে উঠেছে ৫৯ রান (১৫, ১৩, ১১ ও ২০)। ১৮তম ওভারটিতে স্ট্রাইক পাননি। কিন্তু ১৭, ১৯ ও ২০তম ওভারে তাঁর ব্যাট থেকেই এসেছে ৯, ১০ ও ২০ রান! ইনিংসের দুটি ছক্কাও শেষ ওভারের প্রথম দুই বলে।ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর উপস্থাপক রবি শাস্ত্রী জিজ্ঞেস করলেন, ‘তুমি ফিফটি করলেই মুম্বাই জেতে, এটা তো দেখি নিয়ম হয়ে গেছে।’ কিছুক্ষণ পর সেমিফাইনালে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ সম্পর্কে জানতে চাওয়ায় দারুণ এক জবাব দিলেন, ‘তাতে কী আসে যায়! আমি ফিফটি করলেই তো হবে।’এক সময় শচীন টেন্ডুলকারের রোমাঞ্চকর ব্যাটিংয়ের পুরো বিপরীত ছিল তাঁর কথাবার্তা। এখন মুখেও কথা বলতে শিখে গেছেন ‘লিটল মাস্টার’! ওয়েবসাইট।