বিস্মিত জহির আব্বাস!
পাকিস্তানের কাছে নিজেদের মাটিতে ভারতের সিরিজ হারে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি জহির আব্বাস। তাঁর দেশের সিরিজ জয়ে আনন্দ প্রকাশ করলেও প্রায় প্রতিরোধ ছাড়াই ভারতের এই হারে বিস্ময় ঝরেছে তাঁর কণ্ঠে। তাঁর মতে, মানসিক চাপ সামলে উঠতে পারার ফলেই পাকিস্তান এই সিরিজে সহজে জয় পেয়েছে।দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মুহূর্তে ভারত সফর করছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ম্যাচে অমীমাংসিতভাবে শেষ হলেও ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই তুলনামূলক সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮৫ রানের বিশাল জয়। ভারতের সহজিয়া আত্মসমর্পণের এই ব্যাপারটিই মূলত বিস্ময়কর ঠেকছে জহির আব্বাসের কাছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি পাকিস্তানের এমন জয় একেবারেই আশা করিনি। এটা একটা স্নায়ুযুদ্ধ ছিল। পাকিস্তান সেই চাপ সামলে জয় তুলে আনতে পেরেছে। অন্যদিকে, ভারতীয় খেলোয়াড়দের আমার যথেষ্ট ক্লান্ত মনে হয়েছে।’ দলের পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডেতেই যথার্থ অধিনায়কের মতো লড়াই করে সেই সমালোচনার জবাব খানিকটা হলেও দিয়েছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। প্রথম ম্যাচে ১১৩ রানের চমত্কার শতকের পর দ্বিতীয় ম্যাচে ৫৪ রান করে অপরাজিত ছিলেন ধোনি। তবে দলের জয়ের জন্য ধোনির একক লড়াই কোনো কাজে আসেনি। ভারতের এই ব্যর্থতার পেছনে মানসিক চাপটাই অন্যতম প্রধান কারণ বলে মনে করেন জহির আব্বাস। তিনি বলেছেন, ‘সাধারণত, দেশের মাটিতে অগণিত দর্শকের সামনে খেলাটা খুব চাপের একটা ব্যাপার। ভারত ও পাকিস্তান যেখানে পরস্পর প্রতিপক্ষ, সেখানে এই চাপ আরও বেড়ে যায়। অধিনায়ক একা কোনো ম্যাচ জেতাতে পারে না। সব বোলার ও ব্যাটসম্যানকেও ভালো পারফরম্যান্স দেখাতে হয়। প্রথম ম্যাচে ধোনির কারণেই ভারত একটা সম্মানজনক স্কোর গড়তে পেরেছিল। দ্বিতীয় ম্যাচেও সে ভালো ব্যাটিং করেছে।’আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর সর্বাত্মক চেষ্টাই হয়তো করবে স্বাগতিক ভারত। অন্যদিকে পাকিস্তান যদি শেষ ম্যাচটাও জিততে পারে, তাহলে এটা সামগ্রিকভাবে পুরো পাকিস্তানি ক্রিকেটের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন জহির আব্বাস। ডন অনলাইন।