তীরে এসে ডুবল তরি।ফাইনালে উঠেও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি লিওনেল মেসি। তবে মেসিই জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার—গোল্ডেন বল। এই পুরস্কারটা সত্যিই মেসির জন্য তৃপ্তিদায়ক? নাকি অস্বস্তিকর একটা হাওয়া এসে অনুভূতিটাকে তেতো করে দিচ্ছে?
মেসিই ভালো জানেন। তবে তাঁর গোল্ডেন বল পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রশ্নটা প্রথম তুললেন মেসির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষিদেরই একজন—ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি খোলাখুলিই বলছেন, বিশ্বকাপের পারফরম্যান্স বিচারে গোল্ডেন বল মেসির প্রাপ্য ছিল না।
পরশু মারাকানার ফাইনালের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল তুলে দেওয়া হলো মেসির হাতে। ভেনেজুয়েলার টেলিভিশন টেলিসুরে সঙ্গে সঙ্গেই মেসির অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যারাডোনা। সিদ্ধান্তটি ‘ভুল’ ছিল উল্লেখ করে কাঠগড়ায় তুলেছেন ফিফাকে। বলেছেন, বাণিজ্যিক পরিকল্পনা থেকেই ফিফা এই ভুল সিদ্ধান্ত নিয়েছে!
মেসি গ্রুপপর্বের তিন ম্যাচে করেছেন ৪ গোল। নকআউটপর্বে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় একটা গোলও করতে পারেননি। বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনাল, হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ফাইনালে তো গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। অথচ মেসি ওই গোলটা করতে পারলে, জার্মানি নয়, কাপ জিততে পারত আর্জেন্টিনাই। ম্যারাডোনার কণ্ঠে তাই বিস্ময়, ‘মেসি! সম্ভব হলে আমি ওকে স্বর্গ এনে দিতাম। কিন্তু যখন কেউ একজন শুধু বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই বিশেষ কিছু পেয়ে যায়, সেটা ঠিক নয়।’
ফাইনালে এসে দল এভাবে হেরে যাওয়ায় ম্যারাডোনা হতাশ, ‘দেশের মানুষের জন্য আমার দুঃখ হচ্ছে। মারিও গোটশের গোলটা সত্যিই আমাদের জন্য ছিল বিশাল এক আঘাত। ফাইনালে এসে হেরে যাওয়ায় আমি সত্যিই খুব দুঃখিত।’ এজেকিয়েল লাভেজ্জিকে তুলে নিয়ে সার্জিও আগুয়েরোকে নামানোয় আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক সমালোচনা করেছেন কোচ আলেসান্দ্রো সাবেলারও, ‘আমি বুঝতেই পারছি না লাভেজ্জিকে কেন তুলে নেওয়া হলো। উইংয়ে সে ছিল বিস্ময়কর। আগুয়েরো সে রকম প্রভাব ফেলতে পারেনি। এটা তার টুর্নামেন্ট ছিল না।’ গোলডটকম, দ্য গার্ডিয়ান।