
বাংলাদেশের ক্রিকেটের ন্যূনতম খোঁজখবর রাখেন, এমন কেউ কি আছেন যিনি মোহাম্মদ আশরাফুলের ফিক্সিং কেলেঙ্কারির খবরটা শুনে প্রথমে বিস্মিত হননি? না, জিমি সিডন্স বিস্মিত হননি!
বাংলাদেশের সাবেক এই ক্রিকেট কোচ কিছুটা হতাশ হয়েছেন ঠিকই, কিন্তু এক সময়ের শিষ্যের এই পতনের খবরটা স্বাভাবিকভাবেই নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ, ‘এটা হতাশাজনক, কিন্তু চমকে যাওয়ার মতো কিছু নয়। জুয়াড়িদের অপরাধ জগৎটাই এমন শক্তিশালী একটা চক্র।’ ২০০৭ সাল থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এখন কাজ করছেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন প্রভিন্স দলের সঙ্গে। সেখান থেকেই ডমিনিয়ন পোস্ট কে দেওয়া সাক্ষাৎকারে সিডন্স জানিয়েছেন, এই ভয়াবহ অপরাধ জগতে বাংলাদেশের ক্রিকেটও ঢুকে যেতে পারে এমন সতর্কবার্তা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসিকে জানিয়ে রেখেছিলেন!
বাংলাদেশের দায়িত্ব পালনকালে ক্রিকেটারদের যেমন কাছ থেকে দেখেছেন, তেমনি ভালো ধারণা আছে এ দেশের সমাজব্যবস্থা নিয়েও। সেই থেকে আশরাফুলের ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়ার কারণ অনুমান করছেন সিডন্স, ‘আশরাফুলের মতো খেলোয়াড়ের পরিবারে হয়তো ১৫ জন সদস্য। হয়তো পাঁচটি পরিবার তাঁর উপার্জনের ওপর নির্ভরশীল। এ থেকেই তার ব্যাপারটা কিছুটা আন্দাজ করা যায়।’ নিজের বাংলাদেশ অধ্যায়ের কথা ভেবে হতাশাবিদ্ধ সিডন্স, ‘আশরাফুল খুবই প্রতিভাবান তরুণ। হয়তো সে যখন ক্যারিয়ার শুরু করেছিল সেই ১৫ বছর বয়সেই অন্যদের প্ররোচনায় এ জগতে পা রেখেছে। আমার তার জন্য দুঃখ হচ্ছে, কিন্তু আমি তার এ অপরাধ ক্ষমা করতে পারি না।’ এএপি।