বিস্মৃত কেন 'কার্লিতোস'?

বিশ্বকাপের দল ঘোষণার সময় ঘনিয়ে আসছে। আর্জেন্টিনার উভয়সংকট ততই বাড়ছে। এই উভয়সংকটের নাম—কার্লোস তেভেজ।
এই মুহূর্তে আর্জেন্টাইনদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, সাবেলার বিশ্বকাপ দলে তেভেজের জায়গা হবে? জাতীয় দলের কোচ হয়ে আসার পর আলেসান্দ্রো সাবেলা কখনোই তেভেজকে দলে ডাকেননি। ২০১১ সালের ১৬ জুলাই, কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটিই তাই আর্জেন্টিনার হয়ে ‘কার্লিতোসের’ শেষ ম্যাচ হয়ে রয়েছে। ম্যাচটা তেভেজের জন্য এক আক্ষেপের নামও। টাইব্রেকারে তাঁর কিকটি নষ্ট হওয়াতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা। ওই সময় কোচ ছিলেন বাতিস্তা, কিন্তু পরে জাতীয় দলের দায়িত্ব পাওয়া সাবেলা বরাবরই তেভেজকে উপেক্ষা করে গেছেন। কেন, সেটা আর্জেন্টাইনদের কাছেও বড় এক রহস্য।
তেভেজকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গত মাসে আর্জেন্টাইন কোচ এমন ইঙ্গিতও দিয়েছেন তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় তেভেজ নেই। ৫ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষে তেভেজ প্রসঙ্গ উঠতেই সাবেলা স্পষ্টই জানিয়ে দেন, ‘আমার হাতে যেসব স্ট্রাইকার আছে, তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী।’ মেসি, হিগুয়েইন, আগুয়েরো, ডি মারিয়া, লাভেজ্জি—আর্জেন্টিনার আক্রমণটা সত্যিই দুর্দান্ত।
কিন্তু তেভেজের দুর্দান্ত ফর্ম এবং জনপ্রিয়তা এখন বোধ হয় সাবেলাকে ভাবাবে। আর্জেন্টিনায় চারবারের ফিফা বর্ষসেরা মেসির চেয়ে কম জনপ্রিয় নন তেভেজ। ছোটবেলায় স্বদেশ ছেড়ে বার্সেলোনায় আসা মেসির চেয়ে আর্জেন্টিনায় একসময় তেভেজই বেশি জনপ্রিয় ছিলেন। ধীরে ধীরে মেসির জনপ্রিয়তা অবশ্য বেড়েছে। তবে কেউ কেউ মনে করেন জনপ্রিয়তার বিচারে এখনো ৩০ বছর বয়সী তেভেজই এগিয়ে। জুভেন্টাসের তেভেজ এখন ১৮ গোল নিয়ে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা। ওয়েবসাইট।
আর্জেন্টাইনদের বড় একটা অংশই ‘এল অ্যাপাচি’কে দেখতে চান বিশ্বকাপ দলে। তেভেজ নিজে বলেছেন, কেবল সাবেলাই পূরণ করতে পারেন তাঁর বিশ্বকাপস্বপ্ন, ‘এটা সাবেলার পছন্দের ব্যাপার। আমি জানি না, এর মধ্যে রাজনীতি আছে কি না। আমার ধারণা, এটা সম্পূর্ণই সাবেলার ওপর নির্ভরশীল।’
সমর্থকদের চাপে ‘বদলাবেন’ সাবেলা?