বিস্মৃত ব্রাজিলের 'ফুটবল-পিতা'

সাও পাওলোর এক কবরস্থানে িতনি শুয়ে আছেন চিরনিদ্রায়৷ তিনি চার্লস মিলার, ব্রাজিলের কোটি কোটি মানুষের জীবন পাল্টে দেওয়া এক নাম। এই যে আজ ব্রাজিল মানেই ফুটবল, ব্রাজিল হয়ে উঠেছে ফুটবলের তীর্থভূমি, এর কৃতিত্ব মিলারের৷ কিন্তু কটা লোক জানেন তাঁর নাম? বন্ধ গেটের আড়ালে তাঁর সমাধি দেখে বোঝার উপায় নেই, ব্রাজিলের সূর্যসন্তানদের একজন এখানে চিরনিদ্রায় শায়িত।
মিলারের বাবা ছিলেন স্কটিশ প্রকৌশলী৷ মা ব্রাজিলিয়ান৷ জন্ম ঊনবিংশ শতাব্দীতে৷ জন্ম ব্রাজিলে হলেও পড়াশোনা ইংল্যান্ডের সাউদাম্পটনের এক বোর্ডিং স্কুলে। ১৮৯৪ সালে ব্রাজিলে ফেরার সময় তরুণ মিলার সঙ্গে করে নিয়ে এসেছিলেন একটি ফুটবল, একটি পাম্প, এক জোড়া বুট আর ফুটবল খেলার নিয়মকানুন নিয়ে লেখা একটা বই। কিছুদিনের মধ্যেই মিলার ফুটবল ম্যাচ আয়োজন শুরু করলেন ব্রাজিলে, এক দশকের মধ্যেই ব্রাজিলের প্রথম ফুটবল লিগ শুরু হয়ে যায়। প্রথম দিকে শুধু ব্রাজিলে বসবাসকারী প্রবাসীরা খেলত, ব্রাজিলিয়ানরা খুব দ্রুত খেলাটির প্রেমে পড়ে যায়৷ আস্তে আস্তে আন্তর্জাতিক ম্যাচের সঙ্গেও পরিচয় ব্রাজিলিয়ানদের৷ মিলার ব্রাজিলে ফেরার প্রায় ছয় মাস আগে রিও ডি জেনিরোতে ‘ফাইভ এ সাইড’ হতো, যেটির আয়োজক ছিলেন আরেক স্কটিশ ভদ্রলোক—থমাস ডনোহু৷ তবে মিলারই ব্রাজিলে ফুটবল প্রবর্তনের অগ্রবর্তীর নাম৷
১৯৪২ সালে ব্রাজিল লিগের ৪০তম বার্ষিকী উদ্যাপিত হলো৷ সে সময় এক সাক্ষাৎকারে মিলারের নামের পাশে ‘ব্রাজিলের ফুটবল-পিতা’ উপাধি বসিয়ে দেন দু’জন স্থানীয় ক্রীড়া সাংবাদিক। তবে এটা নিয়ে নানা মত আছে৷ লেখক আইদান হ্যামিল্টন অবশ্য ‘মিলারকে ফুটবল-পিতা’ বলার পক্ষে ছিলেন, সে সময়ের ওপর লেখা একটি বইয়ে মিলারকে ‘ব্রাজিলের ফুটবল-পিতা’ বলার তিনটি কারণ তুলে ধরেন হ্যািমল্টন। মিলার শুধু একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন না, সাও পাওলোর প্রথম তিনটি চ্যাম্পিয়নশিপে নিজের দলকে জিতিয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা হয়ে। ব্রাজিলের প্রথম লিগ আর ক্লাবের জন্ম তাঁর হাত ধরেই৷ মিলারই খুব সম্ভবত প্রথম খেলোয়াড়, যাঁর নামে একটি শটের নামকরণও করা হয়!
সেই মিলার এখন বিস্মৃত। সাও পাওলোর পেকাম্বু স্টেডিয়ামের বাইরে চার্লস মিলার প্লাজা ছাড়া অন্য কোনো স্থাপনা নেই তাঁর নামে। তবে আজ মিলারের শহরে বিশ্বকাপ শুরুর আগে মিলারকে স্মরণ করছেন অনেকেই। মঙ্গলবার বিবিসির দুজন কর্মী গিয়েছিলেন সেই কবরস্থানে৷ সেই থেকে প্রতিদিনই িভড় বাড়ছে মিলারের সমাধিতে৷ ফুটবল তাঁকে অমরত্ব দিয়েছে!