বিস্ময় আর হতাশা
• যদি অবিশ্বাসে চোখ কচলাতে থাকি, তাহলে সংক্রমণই হয়ে যাবে। যা ঘটেছে, এটা না ভাবার চেষ্টা করছি আমি। এমন যে হবে, এটা ভাবতেই পারিনি। আরও দুই-তিন বছর পরও আমি এর পুরো তাৎপর্য বুঝতে পারব কি না, কে জানে!কথাগুলোকে কি পুরোনো মনে হচ্ছে? তা মনে হতেই পারে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণার পর এ রকম কিছুই তো বলেছিলেন থিও ওয়ালকট। এখানে বক্তা অবশ্য ওয়ালকট নন, জার্মানির টমাস মুলার। বিস্ময়ের জগতে আছেন মুলারের ক্লাব-সতীর্থ হলগার বাডস্টুবারও। এক বছরের মধ্যে বায়ার্ন মিউনিখের বেঞ্চ থেকে শুরুর একাদশে নিয়মিত হওয়া, বুন্দেসলিগায় অসাধারণ পারফরম্যান্স, অতঃপর জার্মানির বিশ্বকাপ দলে জায়গা; মুলারের বিস্ময় তো কাটবেই না! আর বাডস্টুবার পুরো ব্যাপারটিকে বর্ণনা করছেন ‘বিস্ময়কর’ বলে। বিস্ময় ওয়ালকটের চোখেও। এবার অবশ্য কারণ অন্য। গতবার বিস্মিত হয়েছিলেন গোরান এরিকসনের দলে ডাক পেয়ে। এবার ফ্যাবিও ক্যাপেলোর দল থেকে বাদ পড়ে। বাছাইপর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে যাওয়া একরকম নিশ্চিতই করে ফেলেছিলেন। কিন্তু এর পর চোট-টোট আর সেরা ফর্মে খেলতে দেয়নি। তার পরও ক্যাপেলোর সিদ্ধান্ত অবাক করেছে অনেককে। ক্যাপেলোর যুক্তি, এই মুহূর্তে ওয়ালকটের চেয়ে শন রাইট-ফিলিপস ও অ্যারন লেননই বেশি ফর্মে আছেন। তবে ইংলিশ ট্যাবলয়েড দ্য সান কাল লিখেছে, গত দুটি প্রস্তুতি ম্যাচে ক্যাপেলোর নির্দেশ অমান্য করারই মূল্য দিতে হয়েছে ওয়ালকটকে। ক্যাপেলো ওয়ালকটকে ডান প্রান্তে লাইন ঘেঁষে থাকার জন্য বললেও তিনি বারবার ভেতরের দিকে চলে আসছিলেন।ওয়ালকট আর কী বলবেন, মনের দুঃখ মনে চেপে দলকে শুভকামনা জানিয়ে রেখেছেন, ‘দক্ষিণ আফ্রিকাগামী দলে নেই বলে আমি খুব হতাশ। তবে মিস্টার ক্যাপেলোর সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমার। দলের শুভকামনা করছি এবং আশা করি, ইংল্যান্ডের সফল একটা টুর্নামেন্টই কাটবে।’মুলারের আনন্দের পাশে জার্মানি দলেও আছে একটি বাদ পড়ার হতাশা। জার্মানির অনুশীলন শিবির থেকে পরশু বাড়ির পথ ধরতে হয়েছে আন্দ্রেস বেককে। হফেনইহেইমের এই ডিফেন্ডারের বাদ পড়াটা তেমন বিস্ময়ের নয়, আবার তিনি দলে থাকলেও বিস্ময় হতো না। তবে চোটের কারণে ২৪ জনে নেমে যাওয়া জার্মানি দল থেকে শুধু একজনই বাদ পড়েছেন বলে ব্যাপারটা বেকের জন্য সামলে নেওয়া একটু কঠিনই বটে।ফিফার কাছে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা শেষ হয়েছে পরশু। ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্য অনেক বড় দলই চূড়ান্ত খেলোয়াড় তালিকা আগেই দিয়ে দিয়েছিল। তবে বড় দলগুলোর মধ্যে ইতালি, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল চূড়ান্ত দল দিয়েছে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেই। মার্সেলো লিপ্পির ইতালি দলে উল্লেখযোগ্য হলো, ভিয়ারিয়াল স্ট্রাইকার জিওসেপ্পে রসি আর পালের্মোর ডিফেন্ডার মাত্তিয়া কাসানির বাদ পড়া।ছোট দলগুলোর মধ্যে ২৩ জনের দল দিতে গিয়ে চমক দিয়েছেন আইভরিকোস্ট কোচ সভেন গোরান এরিকসন। ব্যাকারি কোনে, গিলেস ইয়াপি ইয়াপো ও এমার্স ফা—২৩ সদস্যের দল থেকে গত বিশ্বকাপে খেলা এই তিন খেলোয়াড়কে বাদ দিয়েছেন গত বিশ্বকাপের ইংল্যান্ডের কোচ। এএফপি।