বিস্ময়-বালকের নতুন রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪ বছর বয়সেই আরমান জাফর যে ব্যাটিং ঝলক দেখিয়েছে, তা এক চমক বটে! হ্যারিস শিল্ড প্রতিযোগিতার ফাইনালে রিজভি স্প্রিংফিল্ডের পক্ষে ৪৭৩ রানের বিস্ময়কর এক ইনিংস খেলেছে জাফর। গড়েছে এই অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এর আগে ২০১০ সালেও ৪৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিল এই উদীয়মান ব্যাটসম্যান।ভারতের স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিজভি স্প্রিংফিল্ড ও আইইএস ভিএন সুলে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে মাঠে নেমেছিল আরমান জাফর। এরপর বিস্ময়কর গতিতে সে একের পর এক পেরিয়ে যেতে থাকে সেঞ্চুরির মাইলফলক। ৪৭৩ রানের তাক লাগিয়ে দেওয়ার মতো ইনিংসটি খেলার পথে সে মোকাবিলা করেছে ৩৫৯টি বল। ৪৩৭ মিনিট উইকেটে থেকে সে মেরেছে ৬৫টি চার ও ১৬টি ছয়। হ্যারিস শিল্ড প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করলেও শেষ পর্যন্ত আরও একবার ৫০০ রানের মাইলফলক ছুঁতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আরমান জাফরকে। এর আগে সর্বোচ্চ ৪৩৯ রানের রেকর্ডটি ছিল সরফরাজ খানের দখলে। কাকতালীয়ভাবে সেও এই রিজভি স্প্রিংফিল্ড স্কুলেরই শিক্ষার্থী।গতকাল সরফরাজের ৪৩৯ রানের রেকর্ডটি যখন জাফর ভাঙে, তখন থেকে তার শুভাকাঙ্ক্ষী, সতীর্থরা বলতে শুরু করেছে যে, এবার সে ঠিকই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারবে। অনেকে আশাবাদী ছিল, তিন বছর আগে ৪৯৮ রানের বিস্ময়কর ইনিংসটিকেও সে পেছনে ফেলে দেবে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ক্রস-ব্যাটে একটি সুইপ শট খেলতে গিয়ে সমাপ্তি ঘটে এই বিস্ময়কর ইনিংসটির। এই বয়সী একটি ছেলে কীভাবে এই রানের পাহাড় গড়তে সক্ষম হয়? মাত্র ১৪ বছর বয়সেই কীভাবে সে এত মনোযোগী হয়ে ব্যাটিং করতে পারল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাফর বলেছে, ‘আমি ব্যাটিং করার সময় আগে থেকে কোনো ধারণা গড়ে নিই না। খুব বেশি ভাবিও না। আমার কাছে আক্রমণাত্মক ব্যাটিং করে যাওয়াটাই মূল কাজ। প্রত্যেক বোলারকে মোকাবিলা করতে আমার নিজস্ব কিছু পদ্ধতি আছে। একবার তা ঠিকঠাক বুঝে ফেলতে পারলে রান এমনিই আসতে থাকে।’আরমান জাফরের পারিবারিক ঐতিহ্যেও ক্রিকেট সংস্কৃতি আছে ভালোভাবেই। তার মামা ওয়াসিম জাফর ছিলেন ভারতের সাবেক ওপেনার। খেলোয়াড়ি জীবনে খুব বেশি সাফল্যের মুখ দেখতে পারেননি ওয়াসিম জাফর। তবে এখন ভাগ্নে আরমানই হয়তো আবার সবার সামনে তুলে আনবে মামার নাম। এবারের মৌসুম থেকে সে খেলা শুরু করবে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৬ দলে।— টাইমস অব ইন্ডিয়া