বিস্ময়-বালিকা
‘আমি আগাগোড়াই আত্মবিশ্বাসী ছিলাম’, আলিয়াহ ইয়ুং হানিফার প্রথম কথাটা শোনার পর মনে হয়, বেশ বয়সী একজন কথা বলছে। কিন্তু পরের কথাটাতেই ধরা পড়ে বয়স। আট বছর বয়সী বালিকা মিষ্টি হেসে বলে, ‘প্রথম রাউন্ডে একটুর জন্য ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। ভাগ্য ভালো, পড়ে যাইনি!’হানিফা খবরের শিরোনাম ওই বয়সের কারণেই। দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সোনা জেতার কীর্তি গড়েছে এই মালয়েশীয় বালিকা। জাকার্তায় চলমান এই গেমসে কাল ওয়াটার স্কি ট্রিকসে সোনা জিতে চমকে দিয়েছে সবাইকে। চমক আসলে দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসই। আগের দিনই লাই চুন নগ নামের ৭৬ বছরের বৃদ্ধা জিতেছেন দুটো রুপা। আর এদিন পদকের মঞ্চে উঠল আট বছরের হানিফা!মাত্র পাঁচ বছর বয়সে ওয়াটার স্কি শেখা হানিফা নিঃসন্দেহে এই খেলার এক বিস্ময়বালিকা। তবে তার বাবা ইয়ুং হানিফা জানালেন, মেয়েকে এখনই ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ তাঁরা দিতে চান না। এএফপি।