বিস্ময়বালকের ব্রাজিল চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রদ্রিগেজ
জেমস রদ্রিগেজ

চেহারায় এখনো কৈশোরের ছাপ। যেন মাত্রই স্কুল থেকে কলেজে ঢুকি-ঢুকি করছে। বইয়ের ব্যাগটা কাঁধে চেপে এখনই বুঝি ছুট দেবে কৈশোরসুলভ উচ্ছলতায়। মুখ দেখে কে বলবে, এই কলি আসলে প্রস্ফুটিত এক ফুল!
শুধু প্রস্ফুটিত ফুলই নয়, এই ফুলের সৌরভে সুরভিত এখন পুরো ফুটবল-বিশ্ব। এই বিশ্বকাপ ছিল তাঁর জন্য নিজেকে চেনানোর মঞ্চ। বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ। কে ভাবতে পেরেছিল, সম্ভাবনাময় এক তরুণ মাত্র দুই সপ্তাহের মধ্যে হয়ে উঠবেন বিশ্বতারকা! গোল করা আর করানোয় এই বিশ্বকাপে তিনি মেসি-নেইমারদেরও ছাড়িয়ে, আলোচনা-আলোড়নে মেসিদের পাশাপাশি। জেমস রদ্রিগেজ এই বিশ্বকাপের বিস্ময়, নিকট ভবিষ্যতের মহাতারকা।
মাঠে তাঁর পায়ে ফুটে ওঠে লাতিন সৌন্দর্যের ফুল। অধিনায়কের আর্মব্যান্ড হাতে না থাকলেও মাঠে দলের নেতা তিনিই। হোসে পেকারম্যানের রণপরিকল্পনায় তিনিই প্রধান সেনাপতি, তাঁকে ঘিরেই আবর্তিত গোটা দল। উদ্যাপনেও তিনি মধ্যমণি। সাম্বার দেশে এবার গ্যালারিতে নেই সাম্বার ছন্দ। কিন্তু গোলের পর সাইডলাইনে ছুটে গিয়ে সব সতীর্থকে নিয়ে রদ্রিগেজের কলম্বিয়ান সাম্বা কিন্তু ঠিকই মন কেড়েছে।
মাঠের এই কল্লোলিত রদ্রিগেজ কিন্তু মাঠের বাইরে উল্টো। লাজুক, অন্তর্মুখী। কথার খই ফোটে না মুখে, মাইক্রোফোনের সামনে গুটিয়ে যান অনেকটাই। তবে ভবিষ্যতে মহাতারকা হলে তো পাদপ্রদীপের আলোতে অভ্যস্ত হতেই হবে! রদ্রিগেজও মানিয়ে নিতে শুরু করেছেন একটু একটু করে। তাঁর একটা কথা শোনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে সংবাদকর্মীরা, একটু ছোঁয়া পাওয়ার জন্য ভক্তদের ভিড়। মিষ্টি হাসিতে তিনিও দাবি মেটাচ্ছেন প্রায় সবারই।
দেশের দাবিটাও বাড়ছে দিন দিন। পারফরম্যান্স দিয়ে তিনিই বাড়িয়ে দিচ্ছেন প্রত্যাশা। চোট রাদামেল ফ্যালকাওকে কেড়ে নেওয়ার পর শেষ ষোলোতে ওঠাই ছিল কলম্বিয়ানদের প্রথম চাওয়া। রদ্রিগেজের জাদুর ছোঁয়ায় সেই দলটিই গড়েছে কোয়ার্টার ফাইনাল ইতিহাস। রদ্রিগেজই বাড়িয়ে দিয়েছেন স্বপ্নের সীমানা। কলম্বিয়ানদের চোখে এখন সেমিফাইনাল-স্বপ্ন। তবে সেই স্বপ্ন পূরণ করতে মাড়িয়ে যেতে হবে কুড়ি কোটি ব্রাজিলিয়ানের স্বপ্ন। কলম্বিয়ার সামনে এখন ব্রাজিল চ্যালেঞ্জ।
কাজটা কঠিন। মাঠে নেইমারদের ফুটবল সামলাতে হবে, ফোর্তালেজার গ্যালারির গর্জনও হবে নেইমারদের অনুপ্রেরণা। তবে আগের চ্যালেঞ্জগুলো অনায়াস জয়ই ব্রাজিল জয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছে রদ্রিগেজকে, ‘আমরা ইতিহাস গড়েছি, আরও এগিয়ে যেতে চাই ইতিহাসের পথে। জানি, ব্রাজিল হবে খুব কঠিন বাধা। ওদের খেলা খুব ভালোভাবে বিশ্লেষণ করে প্রস্তুতি নিতে হবে আমাদের। তবে আমরাও কম বিপজ্জনক নই। ওদেরও আমাদের খেলা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। ম্যাচটি দুর্দান্ত হবে। আশা করি, আমরা ওদের হারিয়ে দিতে পারব।’
হারাতে না পারলেও খুব ক্ষতি নেই। এর মধ্যে যা করেছেন, তাতেই তো নাড়িয়ে দিয়েছেন ফুটবল-বিশ্ব। শুরুর আগে কেউ কি ভাবতে পেরেছিল, বিশ্বকাপের মাঝামাঝি এসে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে সবার আগে থাকবেন রদ্রিগেজ! মাঠে তাঁর প্রতিভার প্রমাণ তো দেখেছেন। ২২ বছর বয়সেই যে কতটা পরিণত, সেটার ধারণা পেতে পারেন এই কথা থেকে, ‘আমি যা অর্জন করেছি, তা করা সহজ কিছু নয়। তবে আমি মনে করি, সত্যিই কারও কোনো স্বপ্ন থাকলে তার উচিত সেই ছবি মনে এঁকে স্বপ্নকে তাড়া করা। তাহলে স্বপ্ন বাস্তব রূপে ধরা দেয়। মন থেকে কিছু চাইলে আর সৎভাবে পরিশ্রম করলে তা মিলবেই।’
উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত ভলিতে করা তাঁর গোলটিকে মনে করা হচ্ছে এই বিশ্বকাপের সেরা গোল। সেটি নিয়েও তাঁর বাড়তি উচ্ছ্বাস, ‘ট্রেনিংয়ে অনেক সময়ই তো আমরা এমন গোলের চেষ্টা করি। ম্যাচে অমন একটা গোল হয়ে গেছে, ভালোই লাগছে!’
বিনয়টাই বলে দিচ্ছে, রাতারাতি সাফল্যে মাথা ঘুরে যায়নি। হঠাৎ আকাশ ছুঁলেও পা আছে মাটিতেই। মাঠের ভেতরে-বাইরে-ভাবনা-মানসিকতা—সবকিছুতেই যেন একজন মহাতারকার আগাম ঘোষণা! তথ্যসূত্র: এএফপি, ফিফা ডটকম।