বিস্ময়ের ঘোর কাটছে না কুকের
মস্তিষ্কটা যে পরিণত, সেই পরিচিতি দিয়ে আসছেন ছেলেবেলা থেকেই। শৈশব-কৈশোরে সব সময়ই খেলেছেন বেশি বয়সীদের দলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেড় বছর ধরে দেশের ওয়ানডে অধিনায়ক তিনি। টেস্ট দলে অ্যান্ড্রু স্ট্রাউসের ডেপুটি ছিলেন তিন বছর, দুই বছর আগে স্ট্রাউসের বিশ্রামে বাংলাদেশে দুটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। স্ট্রাউসের উত্তরসূরি হিসেবে অ্যালিস্টার কুক শুধু প্রথম পছন্দই নন, বলা যায় ছিলেন একমাত্র পছন্দ।টেস্ট অধিনায়ক হয়ে তার পরও চমকে গেছেন কুক নিজেই। অধিনায়ক হয়েছেন, এ কারণে অবশ্যই নয়। কুক বিস্মিত এত দ্রুত টেস্ট অধিনায়কত্ব পেয়ে যাওয়ায়!স্ট্রাউসের সিদ্ধান্তটা বিস্ময় হয়ে এসেছে কুকের কাছেও। তবে এটা জানতে সংবাদমাধ্যম ও বাকি ক্রিকেট-বিশ্বের মতো বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হয়নি কুকদের। মঙ্গলবারই কুকসহ সতীর্থদের নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন স্ট্রাউস। নতুন অধিনায়ক-সংক্রান্ত ইসিবির সিদ্ধান্তটাও দ্রুতই জেনে যান কুক। এরপর কেতাদুরস্ত হয়ে স্ট্রাউসের সঙ্গেই আসেন লর্ডসের সংবাদ সম্মেলনে।বিস্ময়ের ধাক্কাটা যেন তখনো সামলাতে পারেননি কুক। প্রত্যাশার আগেই টেস্ট নেতৃত্ব চলে এল কি না, প্রশ্নে তাই সরল স্বীকারোক্তি, ‘হ্যাঁ, প্রত্যাশার আগেই এল। ব্যক্তিগতভাবে এই ২৪ ঘণ্টা আমার জন্য ছিল বড় অদ্ভুত। তবে এ মুহূর্তে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এখানে বসতে পেরে আমি অবিশ্বাস্যরকম গর্বিত। আমার জন্য এটা বিশাল এক সম্মান।’পূর্বসূরি ও টেস্ট দলের দীর্ঘদিনের ওপেনিং জুটির প্রতি শ্রদ্ধা জানাতে একটুও দেরি করেননি ২৭ বছর বয়সী ব্যাটসম্যান, ‘স্ট্রাউসির শূন্যতা পূরণ করা অবশ্যই কঠিন হবে। ও অসাধারণ কাজ করেছে। বাকি সবার হয়ে বলতে পারি খবরটা জানার পর সবাই বিমর্ষ হয়ে পড়েছিল। এটাই বলে দিচ্ছে স্ট্রাউসির গ্রহণযোগ্যতা ও দলের জন্য সে কী করেছে।’নতুন দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত কুক। তবে আপাতত ভাবতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ নিয়ে, ‘নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। আসন্ন শীতের ভারত সফর ও সামনের সব সিরিজ নিয়ে আমি উন্মুখ হয়ে আছি। তবে আপাতত আমার দৃষ্টি ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে। ’ এএফপি।